রাজধানীর শেরাটন ঢাকার ১৪ তলায় অবস্থিত দ্য গার্ডেন কিচেনে শুরু হয়েছে বিশেষ খাবার উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। ৮ জুলাই উদ্বোধন হওয়া এই আয়োজন চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। শুধু রাতের বুফে ডিনার হিসেবে উন্মুক্ত এই উৎসবে অতিথিরা বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের খাবার উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক শেফ ও শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের পর অতিথিরা উৎসবের বিশেষ সিফুডের স্বাদও গ্রহণ করেন।
শেরাটন ঢাকার হেড শেফ রুমান ওবায়েদ বলেন, একটি ডাইনিং টেবিল কেবল খাবার পরিবেশনের জায়গা নয়; বরং গল্প, স্মৃতি ও সম্পর্ক গড়ে ওঠার স্থান। তাঁর ভাষায়, ভালো খাবার মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। ‘কোস্টাল কার্নিভাল’-এর মাধ্যমে অতিথিদের সেই অভিজ্ঞতাই উপহার দিতে চায় শেরাটন। ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান মনে করেন, কোনো দেশের সংস্কৃতিকে জানার সবচেয়ে সহজ পথগুলোর একটি হলো তার খাবার। ভাষা কিংবা ইতিহাসের আগে একটি দেশের রান্নাই মানুষকে সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাঁর মতে, বাংলাদেশ ও ব্রুনাই উভয়ই সমুদ্রঘেঁষা দেশ, তাই এমন আয়োজন শুধু রসনার নয়, সাংস্কৃতিক বন্ধনও আরও দৃঢ় করে। তিনি আরও বলেন, অনেকে বলেন কূটনীতি শুরু হয় আলোচনার টেবিলে, কিন্তু তাঁর মতে অনেক সময় সেটি শুরু হয় খাবারের টেবিলে।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক খাবারের প্রতি আগ্রহ বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশের আসল রেসিপি ও উপকরণ ব্যবহার করে অতিথিদের জন্য আন্তর্জাতিক সিফুড অভিজ্ঞতা তৈরি করা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ লাইভ সিফুড এক্সপেরিয়েন্স কাউন্টার। এখানে অতিথিরা নরওয়েজিয়ান স্যামন, টুনা, অক্টোপাস, কিং প্রন কিংবা লবস্টারের মতো প্রিমিয়াম সিফুড নিজের পছন্দমতো বেছে নিতে পারেন। শেফরা তাৎক্ষণিকভাবে রান্না করে পরিবেশন করেন।
মেন্যুতে রয়েছে স্পেনের সিফুড পায়েইয়া ভ্যালেন্সিয়ানা, সিফুড জাম্বালায়া রাইস, টুনা ও স্যামন তেরিয়াকি, ফিশ সায়াদিয়া, লবস্টার বিস্ক, আইরিশ ল্যাম্ব স্টু, গ্রিক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নেহারি ও মাটন রোগন জোশের মতো নানা দেশের খাবার। মিষ্টান্নে থাকছে বাকলাভা, কুনাফা, তুলুম্বা ও মাচা মুজ কেকসহ বিভিন্ন দেশের জনপ্রিয় ডেজার্ট। পুরো দ্য গার্ডেন কিচেন সাজানো হয়েছে সমুদ্রপ্রাণিত সাজে—নীলাভ আলো, সামুদ্রিক সাজসজ্জা ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী পরিবেশ। উৎসবটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজিত। জনপ্রতি মূল্য ভ্যাট ও ট্যাক্সসহ ৯ হাজার ৯৫০ টাকা। অংশীদার ব্যাংকের নির্বাচিত কার্ডধারীরা বিশেষ মূল্যছাড় ও অফার উপভোগ করতে পারবেন।

