দেশের উচ্চশিক্ষা খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে নিতে পারবে।
পাশাপাশি, ইউজিসির তিন বিদায়ী সদস্য হলেন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. সাইদুর রহমান এবং মোহাম্মদ আইয়ুব ইসলাম। এঁরা অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।
আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আখতার হোসেন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।




