চলমান বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দর্শকদের কাছে পৌঁছে দিতে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফিফা থেকে এই অধিকার অর্জনে বিটিভিকে মোট ৭৩ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। আগের বিশ্বকাপের তুলনায় এবার ২৫ কোটি টাকা কম খরচ হয়েছে। গত ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রচারস্বত্ব কেনার বিপরীতে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ২ জুলাই এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। এই ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে বিটিভিকে চারটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো— প্রথমত, শুধুমাত্র বিটিভি কর্তৃক ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব কেনার বিপরীতে পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। দ্বিতীয়ত, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব কেনার বিপরীতে পরিশোধযোগ্য অর্থের যাবতীয় হিসাব বিবরণী সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কমিশনারেটকে অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে জানাতে হবে। তৃতীয়ত, সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না। চতুর্থত, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে গৃহীত অন্য কোনো সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে এই অব্যাহতি প্রযোজ্য হবে না।

আইআরডি জানিয়েছে, গত ২৩ জুন থেকে এ আদেশ কার্যকর হবে। এর আগে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। বিশ্বকাপের ম্যাচ দেখাতে বিটিভি ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনেছে, যার জন্য ৭৩ কোটি টাকা খরচ হচ্ছে। আগেরবারের চেয়ে এবার ২৫ কোটি টাকা কম ব্যয় হচ্ছে।