বিখ্যাত দক্ষিণ কোরীয় নির্মাতা না হং-জিনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হোপ’ স্থানীয় বক্স অফিসে অসাধারণ সাফল্যের সূচনা করেছে। বিজ্ঞান কল্পকাহিনী ও সারভাইভাল থ্রিলার ধারার এই সিনেমাটি ১৭ থেকে ১৯ জুলাই সপ্তাহান্তে দেশটির মোট বক্স অফিস আয়ের ৬৬ দশমিক ৬২ শতাংশই দখল করে নিয়েছে।
কোবিস (KOBIS) বক্স অফিস ট্র্যাকিং পরিষেবা প্রদত্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মাত্র তিন দিনেই ছবিটি এক কোটি তেরো লাখ মার্কিন ডলার আয় করেছে এবং এই সময়ে দর্শকসংখ্যা ছিল ১৫ লাখ ৪ হাজার ১৯ জন। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘হোপ’ সর্বমোট এক কোটি ষাট লাখ ডলার আয় করেছে এবং ২১ লাখ ২৯ হাজার ৭২৩ জন প্রেক্ষাগৃহে গিয়ে এটি দেখেছেন।
‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ এবং ‘দ্য ওয়েইলিং’-এর জন্য পরিচালক না হং-জিন বিশ্বব্যাপী সমাদৃত। রহস্য, সহিংসতা ও মানসিক টানাপোড়েনের জন্য তিনি খ্যাতিমান। ২০১৬ সালে ‘দ্য ওয়েইলিং’ নির্মাণের পর দীর্ঘ এক দশক তিনি কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা উপহার দেননি, যা দর্শকদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি করেছিল। ‘হোপ’ সেই বিরতি ঘুচিয়ে দিয়েছে।
সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ। দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য অভিনেতা হোয়াং জং-মিন, জো ইন-সাং ও জং হো-ইয়নের পাশাপাশি এতে অভিনয় করেছেন হলিউডের সুপারস্টার মাইকেল ফাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্দার, টেলর রাসেল ও ক্যামেরন ব্রিটন।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে গত মে মাসে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘হোপ’ প্রদর্শিত হয়েছিল। এরপর নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও এটি কেন্দ্রীয় চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। উত্তর আমেরিকার দর্শকদের জন্য ছবিটি বিতরণ করবে নিওন, যে সংস্থাটি ‘প্যারাসাইট’, ‘অ্যানাটমি অব আ ফেল’ এবং ‘আনোরা’-র মত আন্তর্জাতিকভাবে সফল সিনেমা পরিবেশন করে সুনাম কুড়িয়েছে।




