চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এক সাক্ষাৎকারে ফুটবল, গিটার, অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা গল্প শুনিয়েছেন। রসিকতা ও জীবনের দর্শন মিশিয়ে দেওয়া নানা মন্তব্যে নিজের অজানা দিকগুলো তুলে ধরেন তিনি।

সম্প্রতি সমাপ্ত একটি বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কৌতুঘ্নভাবে নিজের জয়-পরাজয়বোধহীনতার কথা ব্যক্ত করেন শাকিব। তার কথায়, “আমি হারি কীভাবে! আমি তো সব সময় ভালো ফুটবলের দলে থাকি। ট্রফি পেয়েছে স্পেন, আর সুন্দর ফুটবল খেলা দেখে আনন্দ পেয়েছি আমি!” তবে তিনি সরাসরি নিজেকে কোনো দেশের সমর্থক বলতে রাজি নন। তার মতে, সুন্দর খেলা উপভোগ করাই বড় কথা। তিনি বলেন, “মানুষ রহস্য ভালোবাসে—যার যার মতো করে ভাবুক। কেউ আমাকে স্পেনের সমর্থক ভাবলে ভাবুক, অন্য কিছু ভাবলেও আপত্তি নেই!”

শাকিব খান নিজের বয়স নিয়ে ভক্তদের রহস্য আরও বাড়িয়ে দেন। তিনি বলেন, “বয়স… এই হিসাব ক্যালেন্ডার দেখে করি না, কাজ দিয়ে করি। তাই আমার বয়স ২৭। মজার ব্যাপার, অনেকেই আবার বলে ২৫!” ভালোবাসার মানুষেরা বয়স কমালে তর্কে না যাওয়ার পক্ষেই মত তার। তিনি মজা করে বলেন, “তাই ২৫ আর ২৭—দুটোই আমার, বাকি হিসাব মানুষের ওপর ছেড়ে দিলাম।”

ক্রীড়া দক্ষতার কথা জানতে চাইলে শাকিব ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি হাডুডুকে নিজের প্রিয় খেলা হিসেবে উল্লেখ করেন। এর পক্ষে এক জীবনের বড় শিক্ষার গল্প শোনান তিনি। “হাডুডু শুধু মাঠে নয়, জীবনেও কাজে লাগে। ক্যারিয়ারে অনেকেই আমাকে ল্যাং মারার চেষ্টা করেছে, কিন্তু হাডুডু খেলতে খেলতেই শিখেছি—কীভাবে সবাইকে পাশ কাটিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়,” বলেন শাকিব।

একটি জোকসের জবাবে তিনি স্বীকার করেন যে ফেসবুক ব্যবহার না করায় নিজের মিমে ‘হাহা’ দেওয়ার সুযোগ পান না। তবে তার কাছে অভিনয়ই সবচেয়ে কঠিন কাজ। “আমি সেই কঠিনেরে ভালোবাসিলাম!”—বলেন শাকিব।

গিটার বাজানো নাকি মেশিনগান চালানো কঠিন— এমন এক তুলনায় ভিন্ন উত্তর দেন তিনি। শাকিবের দৃষ্টিতে, “ওরে বাবারে, গিটার বাজানো ভয়ংকর কঠিন! মেশিনগান চালাতে ট্রিগার টানলেই কাজ হয়, কিন্তু গিটার বাজাতে গেলে আঙুল, তাল, সুর—সবকিছু একসঙ্গে সমন্বয় করতে হয়!”

সকালের খাবারের অভ্যাস জানতে চাইলে তিনি বলেন, “সকালে ব্ল্যাক কফি খাই। দিনটা হিরোর মতো শুরু করতে, ঘুমকে ভিলেনের মতো হারাতে হয়!”

নিজেকে নিয়ে ছড়ানো গুজব নিয়ে এই নায়কের কোনো অনুযোগ নেই। বরং তিনি তা উপভোগ করেন। “আমাকে নিয়ে সব গুজবই আমি এনজয় করি। অনেকের তো গুজব শুনলে রাগ হয়… এসব শুনে মোটেও রাগ করি না, বরং বিনা টিকিটে নিজের জীবনের নতুন নতুন গল্প উপভোগ করি!”

‘তুফান’ তাণ্ডব চালিয়ে তিনি কবে শান্ত হবেন—এমন প্রশ্নে শাকিব বলেন, “শান্ত হলে তো গল্প শেষ! তাই আপাতত শান্ত না, ‘নিঃস্ব’ হচ্ছি। তবে মজার ব্যাপার হলো, যতই নিঃস্ব হই, মানুষের ভালোবাসায় ততই ধনী হয়ে যাই!”

সুন্দরবনের বাঘ আর সিংহের সাথে তার ডায়ালগ নিয়ে লড়াই নিয়ে হাস্যকর প্রশ্নে শাকিব জানান, তিনি মানুষ এবং বনের প্রাণীদের রাজনীতিতে নেই। “ওরা যার যার এলাকা নিয়ে ব্যস্ত থাক। আমি ওদের কোনো দলে না, আমি মানুষ। তা ছাড়া সুন্দরবনে গিয়ে রেফারির দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই!”—যোগ করেন তিনি।