বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘী মনে করেন, শৈশবে গড়ে ওঠা শৃঙ্খলা, পরিশ্রম এবং অধ্যবসায়ের শিক্ষাই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে ‘হিটম্যান’ সিনেমার প্রচারণায় ব্যস্ত এই তারকা সম্প্রতি এক আয়োজনে নিজের ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প শুনিয়েছেন।
সঞ্জনা জানান, অনেক ভারতীয় অভিভাবকের ন্যায় তার মা-বাবাও চাইতেন তিনি সর্ব বিষয়ে দক্ষ হন। মাত্র সাত বছর বয়সে বাবার ইচ্ছায় কত্থক এবং মায়ের পছন্দে কনটেম্পোরারি জ্যাজ নাচ শুরু করেন তিনি। সঞ্জনা বলেন, ‘কোনটা শিখবেন সেই সিদ্ধান্ত নিতে না পেরে দুটোই শুরু করি। প্রতিদিন স্কুলের পরে পর্যায়ক্রমে দুই রকম নাচের ক্লাস করতে হতো। প্রথম দিকে এটি প্রচণ্ড চাপের মনে হতো এবং ভালোও লাগত না। কিন্তু সময়ের সাথে সাথে নাচের প্রতি ভালোবাসা জন্মায়। পরে বুঝতে পেরেছিলাম, এই কঠোর অনুশীলনই আমাকে শৃঙ্খলা এবং পরিশ্রমী হওয়ার পাঠ দিয়েছে। জীবনের কঠিন মুহূর্তগুলোতে এই শিক্ষাই আমাকে সবচেয়ে বেশি শক্তি সরবরাহ করেছে।’
এই তরুণ অভিনেত্রীর কথায়, অভিনয় তার জীবনে কখনোই পরিকল্পিত কোনো বিষয় ছিল না। তিনি কখনো ভাবেননি যে ভবিষ্যতে একজন অভিনেত্রী হয়ে উঠবেন। তের বছর বয়সে বলিউডের এক বিখ্যাত কাস্টিং পরিচালক তার স্কুলে আসায় অপ্রত্যাশিতভাবেই একটি চলচ্চিত্রে কাজের সুযোগ তৈরি হয়। সেটি ছিল ইমতিয়াজ আলী পরিচালিত ‘রকস্টার’। সেই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দাঁড়িয়ে অল্প বয়সেই অভিনয়ের কথা স্মরণ করে সঞ্জনা বলেন, ‘মাত্র ১৩ বছর বয়সে, কোনোরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দেশের শীর্ষস্থানীয় এক তারকার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পেরেছিলাম। এর পেছনের কৃতিত্ব সম্পূর্ণটাই নাচের। নাচা আমাকে যে অনুশাসন, পরিশ্রম ও নম্রতায় শিক্ষা দিয়েছিল, তাই আমাকে এই সাহস যুগিয়েছিল। ’
তবে ক্যারিয়ারের গোড়ায় একটি বড় হতাশাও সঙ্গী হয়েছিল তার। সঞ্জনা বললেন, ১৭ বছর বয়সে, দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন তিনি প্রথমবার কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। সেই সময়ে তার কাঙ্ক্ষিত কলেজে ভর্তির প্রস্তুতিও চলছিল। দুই দিকই এক সাথে সামলানোর সিদ্ধান্ত নেন তিনি। শেষ পর্যন্ত স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে সফল হলেও সিনেমাটি মুক্তি পেতে ১১ বছর লেগে যায়। সঞ্জনা স্মরণ করে বলেন, ‘ছোট থেকে সিনেমা দেখে স্বপ্ন দেখতাম যে একদিন বড় পর্দায় নিজেকেই দেখব। সেই প্রত্যাশা এতটা দীর্ঘায়িত হবে, তা কল্পনাতেও ছিল না।’
‘দিল বেচারা’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ। পরবর্তীকালে ‘রাষ্ট্র কবচ ওম’, ‘ধক ধক’ এবং ‘কড়ক সিং’-এর মতো চলচ্চিত্রগুলিতে অভিনয় করে দর্শকের দৃষ্টি কাড়েন সঞ্জনা। আসন্ন ‘হিটম্যান’ ছবিতে তাকে একেবারে ভিন্ন অ্যাকশন লুকে দেখা যেতে চলেছে। শচীন রবি পরিচালিত এই রোমাঞ্চকর ছবিতে তার সাথে আরও অভিনয় করেছেন টাইগার শ্রফ, সুনীল শেট্টি এবং অমিত সাধ।




