অস্ট্রেলিয়ার সিডনিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়েটিয়ানস ইন অস্ট্রেলিয়া’ তাদের বার্ষিক মিলনমেলা আয়োজন করেছে। সম্প্রতি লিভারপুলের একটি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে দেশটির বিভিন্ন শহর থেকে আসা ১৯৬৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্যাচের প্রকৌশলীরা পরিবারের সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়। এরপর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারীরা নিজেদের স্মৃতিচারণ করেন এবং অতীতের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন।
আয়োজনের শেষ পর্যায়ে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকীব খানের পরিবেশনা উপস্থিত সবার মনোযোগ কেড়ে নেয়। তাঁর গানের সন্ধ্যা উৎসবমুখর পরিবেশে আরও প্রাণচাঞ্চল্য যোগ করে। দূর পরবাসে প্রবাসী চুয়েটিয়ানদের এই মিলনমেলা একে অপরের সঙ্গে বন্ধন দৃঢ় করার পাশাপাশি পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের সুযোগ তৈরি করে দিল বলে জানান আয়োজকরা।
প্রবাসে বসবাসরত চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনযাত্রা, নানা আয়োজনের খবর, ছবি, ভিডিও ও লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাঠকরা ই-মেইলের মাধ্যমে প্রেরণ করতে পারেন dp@prothomalo.com ঠিকানায়।




