স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, সরকারের জন্য এ বছর দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—প্রথমটি বাজেট বাস্তবায়ন এবং দ্বিতীয়টি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করাও একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নিজের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে মীর শাহে আলম বলেন, তিনি উন্নয়নপাগল মানুষ এবং এলাকার উন্নয়নে কাজ করছেন। তার এলাকায় ইতিমধ্যে হেলিপ্যাড নির্মাণ হয়েছে, উপজেলা হয়েছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে এবং মসজিদ ও মন্দিরের উন্নয়ন হচ্ছে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী।’ তিনি জানান, তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিকভাবে সাক্ষাৎ হয় ১৯৯৩-৯৪ সালে, তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর। তখন থেকে তারেক রহমান বগুড়ায় যাওয়া-আসা শুরু করলে তাদের পরিচয় হয়। বিএনপির কর্মী হিসেবে তিনি বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং বগুড়া জেলায় দায়িত্ব পালন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তারেক রহমানের বাড়ি বগুড়ায়, তাই তার সাথে বহুবার সাক্ষাৎ ও কথা হয়েছে। তিনি তাদের স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। তবে বগুড়ার মানুষ হিসেবে এটুকু যোগাযোগই প্রধানমন্ত্রীর সাথে তার আছে এবং তিনি তাকে চেনেন ও ব্যক্তিগতভাবে জানেন—এটুকুই তাদের সম্পর্ক। এছাড়া তারেক রহমানের সাথে বয়সেরও অনেক পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।