দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ১৩ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে আবেদন ফি বাবদ ১ টাকা জমা দিতে হবে। এরপর অনলাইন থেকে আবেদন ফরমের প্রিন্ট কপি ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে।
প্রোগ্রামটিতে মোট ১৫টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনিউরশিপ, আরবি ভাষা, ইংরেজি ভাষা, কালিনারি সায়েন্স (শেফ), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং ফ্রিল্যান্সিং (গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড ওয়েব ডিজাইন)।
আবেদনের যোগ্যতা সম্পর্কে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে একই সেশনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রার্থীরা আবেদনের যোগ্য নন। এই শর্ত লঙ্ঘন করলে ভর্তি বাতিলের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
আবেদন ফরমে প্রদত্ত কোনো তথ্য বা ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।




