বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য সুখবর। অস্ট্রেলিয়ার স্বনামধন্য মোনাশ ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য একাধিক বৃত্তির আবেদন আহ্বান করেছে। স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুযোগ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রথম বিশ্বযুদ্ধের বীর জেনারেল স্যার জন মোনাশের নাম বহনকারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৫৮ সালে মেলবোর্ন শহরে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের আর্থিক বোঝা লাঘবে এই বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও আবাসন খরচ এবং বই ও কোর্স-সংশ্লিষ্ট উপকরণ বাবদ সম্পূর্ণ অর্থায়ন পাবেন।

আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো: শিক্ষার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। আবেদনের পূর্বে মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তর কোর্সের অফার লেটার থাকা বাধ্যতামূলক। গবেষণার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি দক্ষতার প্রমাণস্বরূপ আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৬.৫ স্কোর অর্জন করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্য সব শর্ত পূরণ করতে হবে।

আবেদনের সময় যেসব নথিপত্র জমা দিতে হবে তার তালিকায় রয়েছে: আবেদনকারীর পাসপোর্ট ও ছবি, একাডেমিক পেপারস, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার, সিভি এবং ইংরেজি দক্ষতার সনদ যেমন আইইএলটিএস অথবা টোয়েফল স্কোর।

এই বৃত্তির আওতায় নির্বাচিতরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে: আবাসন ও রিলোকেশন ভাতা, টিউশন ফির সম্পূর্ণ খরচ, লিভিং অ্যালাউন্স, বই ও কোর্স উপকরণের খরচ এবং স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যবিমা ভাতা। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ আগামী ৩১ জুলাই ২০২৬।