সংযুক্ত আরব আমিরাতে শখের বশে লটারির টিকিট কিনে নজিরবিহীন সাফল্য পেলেন দুই প্রবাসী বাংলাদেশি। 'বিগ টিকিট'-এর ২৮৯ নম্বর সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা) করে জিতেছেন সবুজ মো. দেলোয়ার মুন্সি ও আরিফুজ্জামান শুভ।

সবুজ মো. দেলোয়ার মুন্সি নামের ৩২ বছর বয়সী এই বাংলাদেশি সাড়ে সাত বছর ধরে আমিরাতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে 'বিগ টিকিট' সম্পর্কে জানার পর গত চার বছর ধরে নিয়মিত এই টিকিট কিনে আসছিলেন তিনি। সম্প্রতি ফোনে বিজয়ী হওয়ার খবর পেয়ে তিনি রীতিমতো আপ্লুত হয়ে পড়েন। তাঁর জানা মতে, সর্বশেষ কেনা টিকিটটিই তাঁকে এই প্রথম লটারি জিতিয়েছে। পুরস্কারের অর্থ দিয়ে দৈনন্দিন খরচ মেটানো এবং আমিরাতে জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা করেছেন সবুজ। তাঁর মতে, 'বিগ টিকিট' সাধারণ মানুষের জন্য জীবন বদলে দেওয়ার মতো বড় সুযোগ তৈরি করে দিচ্ছে।

২৮৯ নম্বর সিরিজের এই ড্রতে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে অন্য বাংলাদেশি আরিফুজ্জামান শুভ ছাড়াও রয়েছেন ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল এবং শরৎ শশীধরন। প্রত্যেকে ১ লাখ দিরহাম করে পাওয়ায় এই ড্রতে মোট পুরস্কারের অঙ্ক দাঁড়িয়েছে ৫ লাখ দিরহাম।

এদিকে গ্রীষ্মের এই সময়ে 'বিগ টিকিট' আগস্ট মাসে জয়ের সুযোগ আরও বাড়িয়ে দিয়েছে। এবার মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পাবেন। 'দ্য বিগ স্পিন'-এর মাধ্যমে তারা সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত জেতার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ৩ সেপ্টেম্বর সরাসরি ড্রয়ের মাধ্যমে মাসের শুরুতে ঘোষণা করা হবে বড় পুরস্কারের নাম। সেদিন একজন ভাগ্যবান জিতে নেবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। একই দিন সন্ধ্যায় আরও পাঁচজন বিজয়ীকে ১ লাখ দিরহাম করে দেওয়া হবে।

আগস্ট মাসজুড়ে আরও ৪ জন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। 'বিগ টিকিট'-এর সাপ্তাহিক ই-ড্র বা ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে এই বিজয়ীদের বেছে নেওয়া হবে। নির্দিষ্ট দিনগুলোতে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এই ড্র সরাসরি সম্প্রচার করা হবে। আগস্টে টিকিট কেনা গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে 'দ্য বিগ স্পিন' খেলার সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বরের লাইভ ড্র থেকে তিনজন প্রতিযোগীকে বেছে নিয়ে ৩ অক্টোবর নগদ ১০ লাখ দিরহাম জেতার জন্য তাদের লড়াইয়ের মুখোমুখি করা হবে।

এছাড়া স্বপ্নের গাড়ি জেতার অফারও চালু থাকছে। ৩ সেপ্টেম্বর 'ল্যান্ড রোভার ডিফেন্ডার' বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং ৩ অক্টোবর 'নিসান প্যাট্রোল' গাড়ির ড্র অনুষ্ঠিত হবে।