কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত দমদমিয়া আলোর পাঠশালায় শিক্ষার্থীদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়েছে। টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে গতকাল ২৭ জুলাই সোমবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মো: আতিকুল হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু এবং সহকারী শিক্ষকবৃন্দও সেমিনারে অংশগ্রহণ করেন।

সম্প্রতি দেশের নানা প্রান্তে উদ্বেগজনক হারে শিক্ষার্থীদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নরসিংদীতে ছয়জন, গাজীপুরে দুজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং মুন্সীগঞ্জে দুজন শিক্ষার্থী এভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের নদী ও বড় জলাশয় সংলগ্ন বিদ্যালয়গুলোতে নৌ পুলিশ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সেমিনারের সূচনায় প্রধান শিক্ষক উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং এই সময়োপযোগী উদ্যোগের জন্য টেকনাফ নৌ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের পানিতে ডুবা রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক দিকনির্দেশনাও দেন।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে সম্প্রতি সংঘটিত প্রাণহানির ঘটনাগুলো বিস্তারিত উল্লেখ করে দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘সবার উচিত পরিবারের বড়দের সাহায্যে সাঁতার শেখা। যারা সাঁতার জানেন না, তাদের কখনোই কোনো জলাশয়ে নামা বা গোসল করা উচিত নয়। কারও পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটলে দেরি না করে আশপাশের মানুষকে জানাতে হবে এবং জরুরি সরকারি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করতে হবে।’ শেষে তিনি এই অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রথম আলো ট্রাস্টের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং সবার সুস্থ জীবন কামনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।