দেশের সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হওয়ার সুযোগ দিয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সের আওতায় পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি আলাদা কোর বা বিভাগের জন্য প্রার্থী খোঁজা হচ্ছে। বিভাগগুলো হলো: সিগন্যালস কোর (শুধু পুরুষ), ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইএমই কোর (শুধু পুরুষ), আর্মি এডুকেশন কোর বা এইসি (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক—শুধু পুরুষ এবং মেডিক্যাল ফিজিসিস্ট—পুরুষ ও নারী), এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর বা আরভিএন্ডএফসি (শুধু পুরুষ)। মোট পদসংখ্যার উল্লেখ বিজ্ঞপ্তিতে করা হয়নি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত বিষয়ের ওপর স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে এবং ৪.০০ স্কেলের মধ্যে ন্যূনতম সিজিপিএ হতে হবে ৩.০০। সিগন্যালস কোরের জন্য প্রয়োজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইইই/ইইসিই/ইসি বিষয়ে ডিগ্রি। ইএমএ কোরের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইই/ইইসিই বিষয়ে ডিগ্রি আবশ্যক। এইসি কোরের প্রার্থীদের অর্থনীতি, বিববা, আন্তর্জনাতিক সম্পর্ক অথবা মেডিক্যাল ফিজিসিস্ট বিষয়ে স্নাতক হতে হবে। আর আরভিএন্ডএফসি কোরের জন্য প্রয়োজন ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাসবেন্ড্রি সংক্রান্ত ডিগ্রি।
শারীরিক মানদণ্ডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে তা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ২৮ বছরের বেশি হওয়া যাবে না এবং এফিডেভিট গ্রহণ করা হবে না। পুরুষ প্রার্থীদের সাধারণত অবিবাহিত হতে হবে, তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ২৬ বছরের বেশি হবে, সেই বিবাহিত পুরুষরাও আবেদনের সুযোগ পাবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত অথবা বিবাহিত উভয় অবস্থাই গ্রহণযোগ্য।
প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার-নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুসারে দেওয়া হবে। কিছু নির্দিষ্ট শর্তে প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবেন। যেমন: কোনো সামরিক বাহিনী বা সরকারি চাকরি থেকে যদি কেউ বরখাস্ত বা অপসারিত হয়ে থাকেন বা স্বেচ্ছায় পদত্যাগপত্র গৃহীত হয়ে থাকে, তবে তারা আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলেও অযোগ্য ঘোষণা করা হবে, তবে পাঁচ বছর আগে এমনটি ঘটে থাকলে আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে এবং দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও প্রার্থীতা অগ্রাহ্য হবে।
আবেদন করতে আগ্রহীদের সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের উপরের ডান পাশের ‘Apply Now’ বোতামে ক্লিক করতে হবে এবং সেখানে নির্দিষ্ট কোর্সের অধীনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আবেদন প্রক্রিয়াটি ২৮ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটেই পাওয়া যাবে।




