প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন করেছেন। সেখানে তাকে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রউফ স্বাগত জানান। পরিদর্শনকালে উপদেষ্টাকে জাতীয় মানচিত্র প্রণয়ন ও হালনাগাদ, আন্তর্জাতিক সীমানা জরিপ, ভূস্থানিক তথ্য সংগ্রহ, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং ডিজিটাল এলিভেশন মডেল প্রস্তুতকরণের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিরক্ষা উপদেষ্টা পরিদর্শনকালে বলেন, উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তার জন্য নির্ভুল ও হালনাগাদ মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় এবং নিয়মিত হালনাগাদ করার ওপর জোর দেন। প্রশিক্ষণে জরিপ ও ভূস্থানিক জ্ঞানের ব্যবহার বাড়ানো, দেশীয় ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরির সম্ভাবনা যাচাই এবং ভূকৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার হালনাগাদ তথ্য নিয়মিত সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, নির্ভুল মানচিত্র ও আধুনিক ভূস্থানিক তথ্যই সেই পরিকল্পনার পথনির্দেশক হিসেবে কাজ করবে। এ সময় তিনি ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন এবং পরবর্তী পর্যায়ে সিলেট ও কুমিল্লায় এ কাজ শুরু করার কথা বলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।




