বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ছেলেকে বিদেশ পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন (২৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা।
পারিবারিক কলহের জেরে গত সোমবার রাতে নিজ বাবা মোহাম্মদ শাহজাহানের (৫৫) মাথায় আঘাত করেন বোরহান। এতে গুরুতর আহত শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান ও তার বোন রুবি আক্তারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে বোরহান পলাতক ছিলেন। বুধবার বিকেলে ওমানে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে আগে থেকেই পুলিশের নজরে ছিলেন তিনি। বিমানবন্দরে পৌঁছালেই তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরেই প্রবাসফেরত বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বাবা হত্যার অভিযোগে পলাতক আসামি বোরহান উদ্দিন ওমানে পালানোর চেষ্টা করছিল। তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার অপর আসামি রুবি আক্তারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




