মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটাবাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল বেপারী (৫৫), যিনি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের জজকোর্ট এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন মোজাম্মেল বেপারী। দেশে ফিরে তিনি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তবে মাকহাটি এলাকায় জমিজমা নিয়ে তার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল দীর্ঘদিনের। সেই ঝামেলা এড়াতে গ্রামের বাড়ি ছেড়ে তিনি সদর উপজেলার শিলমান্দি গ্রামে বোনের বাড়িতে থাকতেন। মঙ্গলবার দুপুরে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
বুধবার বিকেলে মহেশপুর এলাকার একটি পরিত্যক্ত ভিটাবাড়িতে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোজাম্মেল বেপারীর ভাই ও বোনের অভিযোগ, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি ওই পরিত্যক্ত ভিটাবাড়িতে ফেলে রাখা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহত ব্যক্তির মুঠোফোনটি তার স্ত্রীর কাছে ছিল।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ বুধবার রাতে জানান, সন্ধ্যায় মোজাম্মেল বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোথাও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার নিখোঁজ হওয়ার পরও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।




