রাজধানীর মিরপুর এলাকায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পুরোনো সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে, যার নিচে চাপা পড়েন পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ৮ জন। নিহতদের একজন হলেন নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বরের জনতা হাউজিং এলাকায় বসবাস করতেন। দ্বিতীয়জনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, সকাল থেকেই কলেজের দেওয়ালের পাশে টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন ছিল। হঠাৎ করেই দেওয়ালটি ভেঙে পড়ে। এই ঘটনায় কারও মুখ, কারও পা থেতলে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কলেজের এক পাশের সীমানা প্রাচীরটি বেশ পুরোনো ছিল এবং হঠাৎ করেই তা ধসে পড়ে। টিসিবির পণ্য কিনতে আসা দুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।