আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন বাজারে প্রকাশ পেতে যাচ্ছে একটি নতুন গ্রন্থ, যা বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত রাজকীয় ব্যক্তিত্ব প্রিন্সেস ডায়ানার জীবনকথা নতুন করে উন্মোচন করবে। ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের এই বইটি লিখেছেন ডায়ানার ভাই চার্লস স্পেনসর। প্রকাশনার দায়িত্বে রয়েছে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রন্থটিতে স্পেনসর তাঁর বোনের সঙ্গে কাটানো সময় এবং তাঁর মৃত্যুর পরবর্তী সেই মর্মান্তিক সপ্তাহের অভিজ্ঞতার বিস্তৃত বর্ণনা দিয়েছেন। তারা আরও উল্লেখ করেছে যে, এটিই প্রথম সুযোগ যেখানে চার্লস স্পেনসর প্রকাশ্যে ও বিস্তারিতভাবে তাঁর বোনকে নিয়ে কথা বলেছেন।

বইটি মোট ১২টি ভাষায় অনূদিত হয়ে আন্তর্জাতিক পাঠকদের হাতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। প্রকাশের সময়সূচি ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি ঘনিয়ে আসার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ডায়ানা প্রাণ হারান। তাঁর শেষকৃত্য লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে স্পেনসর এক আবেগপূর্ণ ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি ডায়ানার দুই পুত্র—প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি—এর ভবিষ্যৎ দেখাশোনার অঙ্গীকার করেছিলেন।

বর্তমানে ৬২ বছর বয়সী স্পেনসর ডায়ানার সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। জানা গেছে, চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান এবং তাঁদের দুই সন্তান মধ্য ইংল্যান্ডে স্পেনসারের পৈতৃক বাড়ি অ্যালথর্প পরিদর্শনে যান। সেখানে তাঁরা ডায়ানার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অন্যদিকে, রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হ্যারি ও উইলিয়ামের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উইলিয়াম বর্তমানে যুক্তরাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী। ডায়ানার সঙ্গে তাঁর স্বামী তৎকালীন যুবরাজ চার্লসের বিবাহবিচ্ছেদও ঘটেছিল; চার্লস এখন রাজা তৃতীয় চার্লস হিসেবে দায়িত্ব পালন করছেন, আর তাঁর সাবেক প্রেমিকা ক্যামিলা বর্তমানে রানির আসনে রয়েছেন।

স্পেনসর স্পষ্ট করে জানিয়েছেন, একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে ডায়ানা সম্পর্কে প্রকৃত চিত্র তুলে ধরাই তাঁর এই লেখার প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, ডায়ানার মৃত্যুর তিন দশক পূর্তি আসন্ন হওয়ায় আবারও তাঁর কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ বেড়ে গেছে। এই পরিস্থিতিই তাঁকে নিজের স্মৃতি ও চিন্তাভাবনা শেষবারের মতো লিখে রাখার প্রেরণা দিয়েছে। তাঁর মতে, ডায়ানাকে ঘিরে প্রচলিত বহু ধারণা ভুল তথ্যের ভিত্তিতে গড়ে উঠেছে, যা কালক্রমে মানুষ সত্য হিসেবে গ্রহণ করেছে। তিনি ডায়ানার পক্ষ নিয়ে ইতিবাচকভাবে তাঁর চরিত্র উপস্থাপন করতে চান।

বইয়ের মাধ্যমে তিনি পাঠকদের হৃদয়ে ডায়ানা সম্পর্কে একটি সঠিক ছাপ রেখে যেতে ইচ্ছুক। তাঁর মতে, ডায়ানা ছিলেন এক অনন্য ও গতিশীল ব্যক্তিত্ব, যাঁর মধ্যে ভালোবাসা ও মোহনীয়তা ছিল অপার। তিনি জীবনকে পূর্ণাঙ্গভাবে উপভোগ করেছিলেন। স্পেনসর আশা করছেন, যাঁরা ডায়ানার স্মৃতি হৃদয়ে ধারণ করেন, তাঁদের কাছে এই গ্রন্থ বিশেষভাবে হৃদয়স্পর্শী হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছেও এটি আকর্ষণীয় হয়ে উঠবে, যারা তাঁর জনপ্রিয়তার স্বর্ণযুগ প্রত্যক্ষ করেননি।

প্রকাশক ড্যানিয়েল বানিয়ার্ড এই গ্রন্থকে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বলে আখ্যা দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, বইটি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এবং মানসিকভাবে গভীর প্রভাব বিস্তারকারী এক ব্যক্তিত্বের কাহিনি তুলে ধরবে।