মহান আল্লাহর কাছে দোয়া করার সময় কোন নামে তাঁকে ডাকবেন, তা নিয়ে অনেকের মনে দ্বিধা থাকে। কিন্তু এই সমস্যার সমাধান আল্লাহ নিজেই দিয়ে রেখেছেন। কোরআনে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং সেই নামগুলো দিয়েই তাঁকে ডাকো।’ (সুরা আরাফ, আয়াত: ১৮০) গবেষণায় দেখা গেছে, নাম ধরে ডাকার মাধ্যমে সম্পর্ক আরও ব্যক্তিগত ও গভীর হয়, যা মস্তিষ্কে বিশেষ সংযোগ তৈরি করে (Carmody & Lewis, 2006)।
আল্লাহর নামগুলোর প্রতিটিরই গভীর অর্থ রয়েছে। যেমন, ‘আর-রহমান’ শব্দটি একমাত্র আল্লাহর জন্য, যার অর্থ সীমাহীন দয়া। এই নামের মূলে রয়েছে ‘রহম’—মাতৃস্নেহের চেয়েও বেশি দয়ার ধারণা। যখন পাপের বোঝা বেশি মনে হয়, তখন ‘ইয়া রহমান’ বলে ডাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তাঁর দয়ার কোনো সীমা নেই।
অন্যদিকে ‘আল-গাফফার’ অর্থ বারবার ক্ষমাকারী। ‘গাফফার’ শব্দটি ব্যাকরণগতভাবে ‘মুবালাগা’র, যার অর্থ অতিমাত্রায় ক্ষমা। আল্লাহ বলেন, ‘আর নিশ্চয়ই আমি তার জন্য অত্যন্ত ক্ষমাশীল যে তাওবা করে, ইমান আনে, সৎ কাজ করে এবং সঠিক পথে চলে।’ (সুরা ত্বহা, আয়াত: ৮২) বারবার পাপ করে ক্ষমা চাইতে লজ্জা লাগলেও ‘ইয়া গাফফার’ বলে ডাকার মাধ্যমে তিনি নিশ্চয় ক্ষমা করবেন।
‘আল-কারিম’ শুধু দানশীল নয়, বরং চাওয়ার আগেই দেওয়া যাঁর স্বভাব। ‘আল-মুজিব’ যিনি ডাকলে সাড়া দেন—প্রত্যেক ডাকের জবাব দেন। ‘আল-ওয়াদুদ’ অর্থ ভালোবাসাময়; তিনি ক্ষমা করেন ভালোবাসা থেকে। ‘আত-তাওয়াব’ বান্দার ফেরায় আনন্দিত হন, বান্দা একহাত এগোলে তিনি দুই হাত এগোন। আর ‘আল-হাই আল-কাইয়ুম’ চিরঞ্জীব ও সর্বদা বিদ্যমান, যিনি কখনো ক্লান্ত হন না।
রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম আছে। যে ব্যক্তি এগুলো আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬) ‘আয়ত্ত করা’ অর্থ শুধু মুখস্থ নয়, বরং অর্থ বোঝা ও তাৎপর্য অনুভব করা। ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, ‘আল্লাহর নামগুলো জানা এবং সেগুলো দিয়ে ডাকা হলো দোয়ার সবচেয়ে গভীর পথ। কারণ তখন বান্দা শুধু চাইছে না, আল্লাহকে চিনে চাইছে।’ (মাদারিজুস সালিকিন, ১/৪৫২)
দোয়ার সময় লক্ষ রাখতে হবে কী চাওয়া হচ্ছে এবং কোন নামে ডাকতে হবে। রিজিক চাইলে ‘ইয়া রাজ্জাক’, ক্ষমা চাইলে ‘ইয়া গাফফার’, সাহায্য চাইলে ‘ইয়া মুজিব’, ভালোবাসা অনুভব করতে চাইলে ‘ইয়া ওয়াদুদ’। আল্লাহর এই নামগুলো শুধু আহ্বানের মাধ্যম নয়, বরং তাঁর সঙ্গে সম্পর্কের ভাষা। যে ভাষায় ডাকলে তিনি কখনো ফিরিয়ে দেন না।




