প্রকৃতির মেজাজ যেন অস্থির — কখনো বৃষ্টি নামিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়, তো কখনো রোদ উঠতেই ভ্যাপসা গরম আর আর্দ্রতায় নাভিশ্বাস। এমন সময় গোসলের পানির তাপমাত্রা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে — কোন পানি ব্যবহার করবেন? চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরম বা অত্যন্ত ঠান্ডা পানি এড়িয়ে চলাই শ্রেয়, কারণ উভয়েরই কিছু ভালো দিক থাকলেও ক্ষতির ঝুঁকি কম নয়। এই আবহাওয়ায় ত্বক ও চুলের যত্নে সবচেয়ে উপযোগী হতে পারে কুসুম গরম পানি।

বৃষ্টিতে ভিজে ঘরে ফেরার পর গরম পানির গোসল দারুণ আরামদায়ক বোধ হতে পারে। ঘাম, জমে থাকা তেল ও ময়লা পরিষ্কার করতেও এটি দারুণ কার্যকর। কিন্তু পানির তাপমাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে পরিস্থিতি উল্টে যেতে পারে। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে নেয়, ফলে ত্বক শুষ্ক, লাল ও সংবেদনশীল হয়ে পড়ে। বিশেষ করে যাদের একজিমার সমস্যা আছে, তাদের জন্য এই পানি অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে। চুলের উপরও খুব গরম পানির নেতিবাচক প্রভাব পড়ে; চুলের কিউটিকল নষ্ট হয়ে গেলে চুল রুক্ষ ও ফ্রিজি হয়ে যায়। আর্দ্র মৌসুমে চুলের যত্ন নেওয়া যতটা কঠিন, তার ওপর অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে সমস্যা আরও জটিল হয়।

অন্যদিকে, গরম ও আর্দ্র আবহাওয়ায় ঠান্ডা পানির গোসল ত্বক ও শরীরে সতেজতা এনে দিতে পারে। শরীরের তাপমাত্রা কিছুটা কমতেও সহায়তা করে এটি। তবে ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়া খুব দ্রুত বদলে যায়, তাই হঠাৎ খুব ঠান্ডা পানিতে গোসল করা সবার জন্য উপকারী নাও হতে পারে। বিশেষত বৃষ্টির পরে শরীরের তাপমাত্রা কিছুটা কমে গেলে ঠান্ডা পানি ব্যবহারে সাময়িক অস্বস্তি দেখা দিতে পারে। তাছাড়া, ঘাম ও তেল পরিষ্কার করার ক্ষেত্রে ঠান্ডা পানি উষ্ণ পানির মতো কার্যকর নয়। আর্দ্র পরিবেশে ত্বক সঠিকভাবে পরিষ্কার না থাকলে ব্রণ বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়।

এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো সমাধান হলো কুসুম গরম পানি। বিশেষজ্ঞরা বলছেন, এই মাঝারি তাপমাত্রার পানি শরীর পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতেও সহায়তা করে। এটি ঘাম ও ময়লা দূর করার জন্য যথেষ্ট উষ্ণ, কিন্তু অতিরিক্ত গরম পানির মতো ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে না। ফলে আর্দ্র আবহাওয়ায় ত্বক যেমন পরিষ্কার থাকে, তেমনই অতিরিক্ত শুষ্কও হয়ে পড়ে না।

গোসলের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন, গোসল যেন দীর্ঘ না হয় — ১০ মিনিটের মধ্যে শেষ করা ভালো, কারণ বেশি সময় পানি শরীরে থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। বৃষ্টিতে ভিজে বাইরে থেকে ফিরলে অবশ্যই গোসল করে শরীর ও ত্বক পরিষ্কার করা উচিত। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল সাবান ব্যবহারের প্রয়োজন নেই। গোসলের পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়।

সব মিলিয়ে এই মৌসুমে গোসলের জন্য আলাদা কোনো কঠিন নিয়মের প্রয়োজন নেই। শরীরকে আরাম দেওয়া, ত্বকের আর্দ্রতা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা — এই তিনটি বিষয় মনে রাখলেই যথেষ্ট। আর এই তিনটি শর্ত পূরণ করতে কুসুম গরম পানিই সবচেয়ে সহজ, নিরাপদ ও কার্যকর পছন্দ।