অন্তর্বাস, বিশেষত ব্রেসিয়ার ও প্যান্টি, মানবদেহের সবচেয়ে সংবেদনশীল ত্বকের সংস্পর্শে দীর্ঘ সময় থাকে। ফলে এসব অংশে ঘাম জমে সহজেই ছত্রাক সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশের মতো আর্দ্র আবহাওয়ায় তো প্রশ্নই আসে না—সারা বছরই ঘামের প্রকোপ বেশি। ভেজা ত্বকে চুলকানি ও অস্বস্তি তো আছেই, এর সঙ্গে বাড়তে পারে সংক্রমণের আশঙ্কাও। তাই অন্তর্বাসের পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকা জরুরি।
প্যান্টি বা আন্ডারওয়্যার প্রতিদিন পরিবর্তন করে পরিষ্কার করা সবচেয়ে ভালো। ঘাম, ত্বকের মৃতকোষ এবং শরীরের অন্যান্য স্বাভাবিক নিঃসরণ জমে থাকার কারণে একদিন ব্যবহারের পরেই তা ধোয়ার প্রয়োজন। কোনোভাবে ভিজে গেলে বা ময়লা হয়ে গেলে তো সাথে সাথে বদলে ফেলাই উত্তম। ব্যবহৃত অন্তর্বাস ধুয়ে ফেলা উচিত, কেবল রোদে-বাতাসে শুকিয়ে বা ঝেড়ে পুনরায় ব্যবহার করা মোটেও ঠিক নয়।
ব্রেসিয়ারের ক্ষেত্রে তবে একটু ভিন্ন নিয়ম। একবার ব্যবহারের পরই যে এটি ধোয়ার প্রয়োজন হবে, এমন নয়। তবে যদি ঘামে ভিজে যায় বা ময়লা হয়ে যায়, তাহলে দ্রুত বদলে তা ধুয়ে ফেলতে হবে। যেমন গণপরিবহনে ভিড়ের মধ্যে কিংবা রোদেলা দিনে হাঁটার সময় ঘামে ভিজে গেলে বাড়ি ফিরে ব্রেসিয়ার ধুয়ে ফেলা ভালো। শরীরচর্চার সময় ঘামে ভিজলেও এটি বদলে ধোয়ার ব্যবস্থা করা উচিত। ব্রেসিয়ার ধোয়ার সময় লেবেলে দেওয়া নির্দেশনা মেনে চলা বিশেষভাবে জরুরি।
অন্তর্বাস ধোয়ার সময় অবশ্যই সুগন্ধিবিহীন, মৃদু বা হাইপোঅ্যালার্জেনিক ধরনের পরিষ্কারক ব্যবহার করা ভালো। নারীদের যোনিপথের আশপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কড়া সাবান বা সুগন্ধিযুক্ত রাসায়নিক পদার্থের অবশিষ্টাংশ থেকে জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অন্য কোনো পোশাকে রক্ত, বমি, প্রস্রাব বা মল লেগে থাকলে সেটির সাথে অন্তর্বাস একসাথে ধোয়া ঠিক নয়। অসুস্থ ব্যক্তির পোশাকের সাথে সুস্থ ব্যক্তির অন্তর্বাসও ধোয়া যাবে না।
ধোয়ার পর অন্তর্বাস ভালোভাবে শুকিয়ে নেওয়াও পরিচ্ছন্নতার একটি অংশ। ভেজা বা স্যাঁতসেঁতে অন্তর্বাস পরে থাকলে অস্বস্তি তো হয়ই, ত্বকের সমস্যার ঝুঁকিও বাড়ে। শুকানোর সময় পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন খোলা জায়গায় অন্তর্বাস টান টান করে মেলে দেওয়া উচিত। অন্য ভেজা কাপড়ের নিচে না মেলাই ভালো। যে দড়ি বা রডে মেলবেন, সেটিও যেন পরিষ্কার থাকে। শুকানোর পর খেয়াল রাখতে হবে, খোলা জায়গায় মেলে দেওয়ার কারণে কোনো ময়লা জমেছে কি না। ড্রায়ার ব্যবহার করলে অবশ্যই পোশাকের লেবেলের নিয়ম মেনে চলতে হবে।




