এসএসসি পরীক্ষায় একই পরিবারের তিন বোন একসঙ্গে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়ে নাজিবা ইসলাম, নাবিলা ইসলাম ও নাফিসা ইসলাম—তিনজনই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নাজিবা ও নাবিলা যমজ, আর নাফিসা তাদের ছোট বোন। তবে তৃতীয় শ্রেণি থেকে তিন বোন একই শ্রেণিতে পড়াশোনা করে আসছে বলে জানা গেছে।

তিন বোনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং প্রতিটি বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে। তাদের বাবা নাদিমুল ইসলাম পেশায় ব্যবসায়ী। পরিবারের আদি নিবাস কুমিল্লায় হলেও বর্তমানে তারা ঢাকায় বসবাস করছেন। ফল প্রকাশের পরদিন মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে নিজের মেয়েদের এই সাফল্যের কথা গর্বের সঙ্গে জানান তিনি।

নাদিমুল ইসলাম বলেন, তিন মেয়েই নিয়মিত পড়াশোনা করেছে। তাদের সাফল্যের পেছনে নিষ্ঠা, মেধা ও অধ্যবসায়ের সংমিশ্রণ রয়েছে। কোনো প্রতিকূল আবহাওয়াতেই তারা স্কুলে যাওয়া বন্ধ করেনি। স্কুলের পাশাপাশি বাসায় পড়াশোনা এবং অনলাইন ক্লাসও করেছে। শুধু পরীক্ষার আগে কোচিংয়ে গেছে। এছাড়া সন্তানদের পড়াশোনায় তাদের মায়ের অবদানও উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন এই বাবা।

তিনি আরও বলেন, সন্তানদের ওপর পড়াশোনার জন্য কখনো অতিরিক্ত চাপ প্রয়োগ করেননি; বরং ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। পড়াশোনার বাইরেও বই পড়া, সাহিত্য-সংস্কৃতিচর্চা, ছবি আঁকা এবং নিজেদের আগ্রহ অনুযায়ী জ্ঞানার্জনে উৎসাহিত করেছেন তিনি।

এদিকে কলেজের দশম শ্রেণির ‘সি’ শাখার শ্রেণি শিক্ষক ইসমত আরা জানান, তিন বোনই অত্যন্ত ভালো মেয়ে। পড়াশোনায় মনোযোগী এবং ক্লাসে নিয়মিত ছিল। বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলত। তাদের নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। অভিভাবকরাও খুব সহযোগী ছিলেন।