গাজীপুর জেলা আদালত চত্বরে এক ডাকাতি মামলার আসামি হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার সময় এই ঘটনা ঘটে। পলাতক যুবকের নাম সম্রাট হোসেন (২৭)। তার পৈত্রিক বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামে হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। এজলাসের দিকে নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে ফেলে পালিয়ে যান। পাহারায় থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। ঘটনা জানাজানি হওয়ার পর আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয় এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পলাতক আসামির বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।
গাজীপুর আদালত থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি
গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার আসামি সম্রাট হোসেন। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।




