২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ২৩৩ ম্যাচে ১৪৬ গোলের এই মহানায়কের প্রস্থান নিছক একজন ফুটবলারের চলে যাওয়া নয়; এটি পর্তুগিজ ফুটবলের অর্থনৈতিক ভিতের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা বয়ে এনেছে।

পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক দানিয়েল সা এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ব্র্যান্ড ভ্যালুর নিরিখে রোনালদো একাই পর্তুগালের জাতীয় দল ও অসংখ্য দেশের সমন্বিত শক্তির চেয়েও অনেক বড়। তিনি যে বিশাল মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছিলেন, তা এশিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে লাতিন আমেরিকা বা মধ্যপ্রাচ্য—সর্বত্র কোটি দর্শককে পর্দার সামনে রাখত।
ব্রডকাস্টাররা পর্তুগালের খেলা সম্প্রচার স্বত্ব বিক্রির সময় ব্রুনো ফার্নান্দেজ বা রাফায়েল লিয়াওকে সামনে রাখেন না; তাদের মূল পণ্য হলো সেই ১০০ কোটির বেশি সোশ্যাল মিডিয়া অনসারী নিয়ে থাকা মহাতারকা, যার ইউটিউব চ্যানেল চালু হয়মাত্র ৯০ মিনিটেই ১০ লাখ গ্রাহকের মাইলফলক ছুঁয়েছিল।
দীর্ঘ দুই দশক ধরে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) প্রতিটি স্পরশিপ, বাণিজ্যিক চুক্তি ও মিডিয়া স্বত্বের নথিতে অদৃশ্য একটি সই ছিল রোনালদের। দানিয়েল সা'র ভাষায়, "তিনিই সেই একক সত্তা, যার নাম ভাঙিয়ে ২০ বছর ধরে ফেডারেশন পাহাড় সমান চুক্তি আর কোটি কোটি ডলার পকেটস্থ করেছে।"
তিনি রোনালদোর প্রস্থানকে "দ্রুতগামী এস্কেলেটর থেকে নিচে পড়ে যাওয়ার" সঙ্গে তুলনা করে বলেন, "ক্রিস্টিয়ানো চলে গেলে বিশ্বজোড়া মনোযোগ কত দ্রুত হারিয়ে যাবে, তা মানুষ এখনো বুঝতে পারছে না। এটি কোনো ধীরে ধীরে নেওয়া নয়, এটা হবে দ্রুতবেগে নিচে নামার মতো ঘটনা।"
ফোর্বসের হিসাব অনুযায়ী, রোনালদো আধুনিক ফুটবলের প্রথম বিলিয়নিয়ার, যার বর্তমান সম্পদ প্রায় ১২০ কোটি ডলার এবং ক্যারিয়ার আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। নাইকির সঙ্গে তার আজীবনের চুক্তি মূল্য প্রায় ১০০ কোটি ডলার। কিন্তু ইখানে সমস্যা তার ব্যক্তিগত সম্পদ নয়; সমস্যা হল, তার ভাবমূর্তির এই ছাতাটি সরে গেলে পর্তুগিজ ফুটবল অর্থনীতি কতটা অরক্ষিত হয়ে পড়বে।
মাঠের দিকে তাকালে পর্তুগালের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো বা দিয়োগো কস্তার মতো প্রতিভাবান তরুণেরা ইউরোপ সেরা ক্লাবগুলিতে নিজেদের জাত চেনাচ্ছেন। খেলার নৈপুণ্য দিয়ে আগামী দিনগুলো সামলানো কঠিন হবে না। কিন্তু স্পরশিপের খাতায় যে বিশাল শূন্যতা তৈরি হবে, তা পূরণ করার মতো কোনো খেলোয়াড় নেই।
বিশ্বের বড় বড় ব্র্যান্ড যখন পর্তুগালের জার্সিতে বিনিয়োগ করে, তারা মূলত সি আর সেভেনের বিশাল সাম্রাজ্যে প্রবেশের টিকিট কেনে। রোনাল্ডোকে এই সমীকরণ থেকে সরিয়ে দিলে পর্তুগাল হয়ে যায় ইউরোপের একটি প্রতিভাবান দল, যারা হয়তো নিয়মিত ম্যাচ জিতবে, কিন্তু রাতারাতি বিশ্ব বাণিজ্যে ঝড় তোলার ক্ষমতা তাদের নেই।
সবচেয়ে কঠোর বাস্তবতা হলো, রোনালদোকে ঘিরে গড়ে ওঠা কোটি কোটি অনুসারীর মূল ভালোবাসার বস্তু পর্তুগাল দেশ নয়, ব্যক্তিটি নিজেই। তার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সেই অনুরাগীদের একটি বড় অংশই পর্তুগালের পতাকা ফেলে অন্ধকারে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।