চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার তত্ত্বাবধানে থাকা একটি মাদ্রাসা থেকে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এই বীজগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, অভিযুক্ত ওই জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং একই সঙ্গে মাদ্রাসাটিতে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসাটি পরিদর্শনে গেলে সুপারের কার্যালয়ের পাশে একটি তালাবদ্ধ কক্ষ নজরে পড়ে। কক্ষটি খোলার নির্দেশ দিলে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে এসব বীজ কৃষকদের বিনা মূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়ন দূরবর্তী এলাকা হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়েছিল। এসব বীজ ১৫ দিন আগেই কৃষকদের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তা না হয়ে কীভাবে একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের বিতরণের জন্য তাঁদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। পরে তাঁরা চার বস্তা বিতরণ করেছেন। ব্যস্ততার কারণে বাকি বীজ মাদ্রাসায় রাখা হয়েছিল এবং আর বিতরণ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধারের পরপরই এসব বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে। মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।




