দেশে ক্রমবর্ধমান লোডশেডিং সমস্যা মোকাবিলায় আধুনিক ও টেকসই সমাধান নিয়ে বাজারে প্রবেশ করল আন্তর্জাতিক এনার্জি স্টোরেজ সিস্টেম ব্র্যান্ড ‘ফক্স ইএসএস’। রাজধানীর র্যাডিসন হোটেলে সম্প্রতি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সুপার ষ্টার গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফক্স ইএসএস সাউথ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক লুকাস (লিউ পু)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ এবং ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের স্মার্ট ও নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবস্থাপনা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য, যাতে লোডশেডিংয়ের কষ্ট লাঘব হয়। তিনি আরও উল্লেখ করেন, সুপার ষ্টার গ্রুপ এবং ফক্স ইএসএসের মধ্যকার এই দীর্ঘমেয়াদি অংশীদারত্ব দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিদ্যুৎ–সংকট নিরসনে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদী। নতুন এই এনার্জি স্টোরেজ সিস্টেমটি দেশের আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ফক্স ইএসএস আন্তর্জাতিক বাজারে এনার্জি স্টোরেজ প্রযুক্তিতে পরিচিত একটি নাম। বাংলাদেশে সুপার ষ্টার গ্রুপের সঙ্গে কৌশলগত এই জোটের মাধ্যমে স্থানীয় বাজারে ব্র্যান্ডটির পণ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই সিস্টেম ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা যেমন বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন, তেমনি লোডশেডিংয়ের সময়ও প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠান শেষে ব্র্যান্ডটির উদ্বোধনের মধ্য দিয়ে দেশে বিদ্যুৎ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হলো বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।