জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যে সোমবার রাতে মেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে অরোরা কার্যকলাপ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এনওএএর পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতের মেরুপ্রভার কেপি সূচক হবে ৪। শূন্য থেকে ৯ পর্যন্ত মাপা এই স্কেলে ৪ মানে ‘অপেক্ষাকৃত বেশি অরোরা কার্যকলাপ’ এবং আলো দেখতে ‘খুবই মনোমুগ্ধকর’ হতে পারে। আগামী কয়েকদিনে কোনো জিওম্যাগনেটিক ঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে এনওএএ। সাধারণত জিওম্যাগনেটিক ঝড় মেরুপ্রভার তীব্রতা বাড়িয়ে দেয়।
মঙ্গলবার রাতে অরোরা কার্যকলাপ আরও কমে কেপি সূচক ৩-এ নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ফলে ওই রাতে মেরুপ্রভা দেখার সম্ভাবনাও কমে আসবে বলে জানানো হয়েছে।
আলাস্কার বাসিন্দারা, আগের মতোই, সোমবার রাতে মেরুপ্রভা দেখার সবচেয়ে ভালো সুযোগ পাবেন। এনওএএর অনুমান অনুযায়ী, রাজ্যটির অভ্যন্তরীণ অঞ্চলের বেশিরভাগ জায়গা থেকে অরোরা স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলাস্কা ছাড়াও উত্তর ডাকোটা এবং ওয়াশিংটন, আইডাহো, মন্টানা, সাউথ ডাকোটা, মিনেসোটা, উইসকনসিন ও মিশিগান রাজ্যের উত্তর প্রান্ত থেকে অরোরা দেখার কিছুটা সম্ভাবনা রয়েছে।
মেরুপ্রভা দেখতে আগ্রহীদের জন্য এনওএএর পরামর্শ হলো, যতটা সম্ভব চৌম্বকীয় উত্তর মেরুর কাছাকাছি যাওয়া এবং আলোক দূষণমুক্ত কোনো উঁচু স্থান বেছে নেওয়া। অন্ধকারে মেরুপ্রভা দেখা সহজ হয়। স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ২টার মধ্যে, বিশেষ করে মধ্যরাতের কাছাকাছি সময়ে অরোরা সবচেয়ে সক্রিয় থাকে বলে জানিয়েছে সংস্থাটি।
ন্যাশনাল জিওগ্রাফিকের ভ্রমণ আলোকচিত্রীরা জানিয়েছেন, মেরুপ্রভার ছবি তোলার সবচেয়ে ভালো উপায় হলো ট্রাইপড ব্যবহার করে ছবি স্থির রাখা, ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা এবং শাটারের গতি কমিয়ে দেওয়া। আইফোন ব্যবহারকারীদের ক্যামেরার নাইট মোড চালু রাখতে, ফ্ল্যাশ বন্ধ রাখতে এবং RAW ফরম্যাটে ছবি তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে মার্কিন আকাশে মেরুপ্রভা ঘন ঘন দেখা গিয়েছিল। কারণ সে সময় সূর্য তার সৌরচক্রের ‘সর্বোচ্চ’ পর্যায় অতিক্রম করছিল। এই পর্যায়ে জিওম্যাগনেটিক ঝড়ের মতো সৌর ঘটনা বেশি ঘটে থাকে। সৌর কার্যকলাপের মাত্রা বিজ্ঞানীদের প্রত্যাশা ছাড়িয়ে যায় এবং নাসা জানায়, ২০২৪ সালে মেরুপ্রভা ৫০০ বছরের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। সূর্য যখন তার সর্বোচ্চ পর্যায় থেকে বেরিয়ে আসছে, তখন ২০২৬ সালের বাকি সময়ে অরোরা কার্যকলাপ ক্রমশ কমতে থাকবে বলে আশা করা হচ্ছে।
স্পেস ডটকমের প্রতিবেদনে ২০২৬ সালে মেরুপ্রভা দেখার উপযুক্ত সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।




