আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াতে নিউজিল্যান্ড তাদের পাথওয়ে স্টুডেন্ট ভিসার (পিএসভি) নিয়মে উল্লেখযোগ্য সংস্কার এনেছে। আগামী ২০ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিকল্পনায় আরও নমনীয়তা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় যোগ্য শিক্ষার্থীরা নতুন ভিসার আবেদন ছাড়াই একাডেমিক বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন। পাশাপাশি পিএসভির আওতায় শিক্ষাপথ সম্প্রসারিত করা হয়েছে এবং ইংরেজি ভাষা শেখার জন্য বাড়তি সময় বরাদ্দ দেওয়া হয়েছে।
পাথওয়ে স্টুডেন্ট ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি ভিসায় একাধিক কোর্স সম্পন্ন করার সুযোগ দেয়। মাধ্যমিক বিদ্যালয় বা ইংরেজি ভাষার কোর্স শেষ করে উচ্চশিক্ষার পরবর্তী ধাপে যেতে আলাদা ভিসার প্রয়োজন হতো না। তবে পূর্বের নিয়মে ভিসায় নির্দিষ্ট ডিগ্রি ও বিষয়ের নাম উল্লেখ থাকত। যেমন—‘ইউনিভার্সিটি এক্স-এ ব্যাচেলর অব সায়েন্স’। পরে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন করলে নতুন ভিসা আবেদন করতে হতো। ২০ জুলাই থেকে ভিসায় শুধু ডিগ্রির ধরন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে সহজেই বিষয় পরিবর্তন করতে পারবেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মন্তব্য করেছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড।
এনজেডকিউসিএফ-এর লেভেল ১ থেকে ৪-এ পৌঁছানোর বা ওই স্তরগুলোর মধ্যে অগ্রসর হওয়ার শিক্ষাপথেও এখন পিএসভি ব্যবহার করা যাবে। এর মধ্যে ইংরেজি ভাষার কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম ও ভোকেশনাল সার্টিফিকেট কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমবারের পিএসভিধারী যেসব শিক্ষার্থী এনজেডকিউসিএফ লেভেল ১ থেকে ৮-এ অগ্রসর হবেন, তারা এখন সর্বোচ্চ ৩০ সপ্তাহ ইংরেজি ভাষা শিখতে পারবেন। পূর্বে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ। এই বাড়তি সময় শিক্ষার্থীদের মূল কোর্স শুরুর আগে ভাষাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এই সংস্কার সরকারের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ’ উদ্যোগের অংশ। এর লক্ষ্য ভিসা প্রক্রিয়া সহজ করে নিউজিল্যান্ডকে শিক্ষার গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা। তবে আগের মতোই স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত যাচাই ও প্রকৃত শিক্ষার্থী প্রমাণসহ বিদ্যমান সব শর্ত পূরণ করতে হবে আবেদনকারীদের।
নিউজিল্যান্ড ইতিমধ্যে ফান্ডস ট্রান্সফার স্কিম, নির্দিষ্ট শর্তে স্বামী-স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার সুযোগ এবং সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজের অনুমতির মতো নানা সুবিধা দিয়ে আসছে। নতুন এই পরিবর্তন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও নমনীয়তা ও সহজতা আনবে বলে আশা করা যাচ্ছে।




