প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অনলাইনে আয়োজিত একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের অংশ হিসেবে গত ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম আলোচনা করেন। তাঁর আলোচনার বিষয় ছিল ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করণীয়’। এ বিষয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

ডা. রাহেনুল ইসলামের মতে, অভিভাবকদের সবার আগে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে—স্কুল কখনো কোচিং সেন্টারের বিকল্প হতে পারে না। স্কুলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিষ্টাচার, নেতৃত্বগুণ, দলীয় কাজের দক্ষতা—এসব মৌলিক মানবিক গুণাবলিও শেখানো হয়। কিন্তু বর্তমানে অনেক স্কুলেই মানের ঘাটতি দেখা যাচ্ছে। সেখানে প্রশিক্ষিত শিক্ষকের অভাব, কাঠামোগত ত্রুটি এবং নজরদারির অপ্রতুলতা রয়েছে।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের কর্তব্য হলো শিশুর জন্য এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়া, যেখানে প্রশিক্ষিত শিক্ষক রয়েছেন এবং শিক্ষার মান নিশ্চিত করা হয়। যদি কোনো কারণে শিশুটি স্কুলে অপব্যবহারের শিকার হয়, তবে তার দায় শুধু প্রতিষ্ঠানের নয়—অভিভাবকও এ দায় এড়াতে পারবেন না বলে জানান এই মনোবিদ। তাঁর মতে, শিশুর নিরাপত্তা ও সঠিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অপরিহার্য।