কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড। গত ৪ জুলাই, শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আসরটি। আগামী ১২ জুলাই, রোববার পর্যন্ত চলবে এই আয়োজন। বর্তমানে কলম্বিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পাঁচজন শিক্ষার্থী। তারা হলেন—রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিস সাদিক, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আদিত্য রহমান, নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফারবিন, প্রিমিয়ার স্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ সাইফান আলী এবং ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউল ইসলাম। দলটির সঙ্গে রয়েছেন দলনেতা ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন। এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এই অলিম্পিয়াডের আয়োজন করে থাকে। সহযোগিতায় রয়েছে বাংলাভিশন টেলিভিশন। উল্লেখ্য, সম্প্রতি এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জন করায় বাংলাদেশ দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছিল।