বিশ্বের অন্যতম শীর্ষ খেলনা ও গেমিং প্রতিষ্ঠান হ্যাসব্রো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। কোম্পানির আয় ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন ডলারে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। সমন্বিত পরিচালন মুনাফা ১৪ শতাংশ বেড়ে ২৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। শেয়ারপ্রতি নিট আয় ছিল ১.১২ ডলার এবং সমন্বিত শেয়ারপ্রতি আয় ১.২৮ ডলার।

এ অর্জনের খবরে কোম্পানিটির শেয়ার দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। পরবর্তী সময়ে দাম কিছুটা কমে এলেও মধ্যাহ্ন নাগাদ তা ৭ শতাংশের বেশি বাড়তি ছিল। বিনিয়োগকারীদের মধ্যে এই আস্থা তৈরি হয়েছে মূলত হ্যাসব্রোর সবচেয়ে লাভজনক ব্র্যান্ড ম্যাজিক: দ্য গেদারিং–এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রধান নির্বাহী ক্রিস ককসের আশাবাদী বক্তব্যের কারণে।

আয়কল চলাকালে ককস ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের কাছে ট্রেডিং কার্ড গেমটির স্থায়িত্ব ও অর্থনৈতিক যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘এটি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ড, কিন্তু অনেক দিক থেকে এটি সবচেয়ে কম বোঝা ব্র্যান্ড।’ ককস ব্যাখ্যা করেন, ম্যাজিক শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী ট্রেন্ড নয়, বরং এটি একটি বিলিয়ন ডলারের ব্র্যান্ড যা ধারাবাহিকভাবে দ্বি-অঙ্কের রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করছে। তিনি আরও উল্লেখ করেন, গত ৩০ বছরেরও বেশি সময় ধরে গেমটি তার ভক্তের সংখ্যা বাড়িয়ে চলেছে এবং লক্ষ লক্ষ মানুষ এটিকে একটি জীবনব্যাপী অনুরাগ হিসেবে দেখছে।

হ্যাসব্রোর সবচেয়ে বড় রাজস্ব চালিকাশক্তি ছিল উইজার্ডস অ্যান্ড ডিজিটাল গেমিং সেগমেন্ট, যার মধ্যে ম্যাজিক ব্র্যান্ডও অন্তর্ভুক্ত। মার্ভেল সুপার হিরোদের নিয়ে নতুন ম্যাজিক সংস্করণের রেকর্ড বিক্রির ফলে ওই সেগমেন্টের বিক্রি ২৭ শতাংশ বেড়েছে। তবে শুধু ডিজিটাল গেমিং নয়, প্রচলিত খেলনার প্রতিও আস্থা ফিরছে। কোম্পানির কনজিউমার প্রোডাক্টস সেগমেন্ট ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে পেপা পিগ ও জি.আই. জো–র মতো ব্র্যান্ড উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

‘দ্য টয় বুক’–এর প্রধান সম্পাদক জেমস জান এই প্রবৃদ্ধিকে শিল্পের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, হ্যাসব্রোর গেমিং ব্যবসা একটি দানব, তাই এর প্রবৃদ্ধি অব্যাহত থাকায় অবাক হওয়ার কিছু নেই। তবে প্রচলিত খেলনায় এই গতি খুবই ভালো খবর, কারণ এটি প্রমাণ করে যে প্রি-স্কুলার থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সংগ্রাহক—সবার কাছেই পেপা পিগ ও জি.আই. জো–র মতো ব্র্যান্ড এখনও সমান প্রাসঙ্গিক। তিনি আরও উল্লেখ করেন, ছুটির মৌসুমের আগে কোম্পানিটি কোরিয়ান পপ কালচারভিত্তিক ‘কে-পপ ডিমন হান্টারস’ রোল-প্লে খেলনা এবং নতুন মার্ভেল স্পাইডার-ম্যানের সাথে সম্পর্কিত খেলনা বাজারে ছাড়ছে। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি প্লে-ডোর ‘ব্লুমস বাই প্লে-ডো’ সেটটি দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।

প্রথম প্রান্তিকে হ্যাসব্রোর ওপর সাইবার হামলার প্রভাব দ্বিতীয় প্রান্তিকেও পড়েছে। এ কারণে কনজিউমার প্রোডাক্টস রাজস্ব থেকে ৪০ থেকে ৬০ মিলিয়ন ডলার দ্বিতীয়ার্ধে স্থানান্তরিত হয়েছে। এই ঘটনায় কোম্পানির বাড়তি ব্যয় হবে প্রায় ২০ মিলিয়ন ডলার।