বুধবার জাতীয় সংসদের বৈঠকে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আসরের নামাজের বিরতির পর যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার কথা, তখন দেখা যায় সংশ্লিষ্ট মন্ত্রীরা সভাকক্ষে উপস্থিত নেই। এ কারণে নির্ধারিত সময়ের আগেই ওই পর্ব শেষ করতে বাধ্য হন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এদিনের কার্যসূচি অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির উপস্থিতিতে প্রাথমিকভাবে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। তাঁরা সংসদ সদস্যদের কিছু প্রশ্নের জবাবও দেন।

একপর্যায়ে আসরের নামাজের জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠক বিরতি দেন। তিনি জানিয়ে দেন, বিরতির পর প্রশ্নোত্তর পর্বের বাকি অংশ আবার শুরু হবে। বিরতি শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার বৈঠক শুরু হয়। এ সময় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি কিছুক্ষণ অপেক্ষা করে দেখেন যে প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত মন্ত্রীরা কেউ উপস্থিত হননি।

তখন ডেপুটি স্পিকার বলেন, 'এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তাঁরা কেউ এ হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।' পরবর্তী কার্যসূচি শুরু হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের অধিবেশনে যোগ দিতে দেখা গেলেও প্রশ্নোত্তর পর্ব আর অনুষ্ঠিত হয়নি।