ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এখন পর্যন্ত চলতি সংসদে মোট নয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলের সদস্যকে। উল্লেখ্য, বিগত দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদেও এই গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি বিরোধী দলের কাছেই ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যে চারটি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছিল, সেগুলোর অন্যতম ছিল সরকারি হিসাব কমিটি।
নতুন গঠিত এই কমিটির সদস্য তালিকায় রয়েছেন বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), মো. মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মোহাম্মদ মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫) এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।
সরকারি হিসাব কমিটি সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, যা সরকারের আর্থিক কার্যক্রম তদারকি করে থাকে। বিরোধী দল থেকে এই কমিটির সভাপতি নির্বাচন করায় সংসদীয় গণতন্ত্রের চর্চায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।




