বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা-শৈলীর পুনরাবৃত্তি রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে আমরা কাউকে নতুন করে শেখ হাসিনা হতে দেব না। শেখ হাসিনার শাসনামলে একটি রোগ ছিল—সবাই খারাপ, শুধু তিনি ভালো। এই রোগ আমরা আর হতে দেব না। বিএনপির অনেকে খারাপ হতে পারেন, কিন্তু তারেক রহমান তো ভালো।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনি এখন প্রধানমন্ত্রী। আপনার দলের নেতা-কর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান, চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা বা নিরপরাধ মানুষের ওপর জুলুম করেন, তবে তার দায় আপনাকেও নিতে হবে। আপনি দায় এড়াতে পারবেন না।’

জনগণের প্রতি তিনি আহ্বান জানান, বিবেকবোধ কখনো দল বা ‘মার্কা’র কাছে বন্ধক না দিতে। তিনি বলেন, ‘আপনাদের ভোটই নির্ধারণ করবে কে বাংলাদেশ চালাবে। অন্ধভাবে কোনো দলের সমর্থন করলে পরিবর্তন সম্ভব নয়।’

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা পুলিশ বাহিনীকে নিজের ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আমরা চাই পুলিশসহ সব আইনশৃঙ্খলা প্রতিষ্ঠান তাদের কাজের মাধ্যমে নিজেদের গৌরব ও সম্মান ফিরিয়ে আনবে। বিবেক ও পেশাদারি বিসর্জন দিলে নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না।’

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতীতে মেহেদী হাসানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরে এনসিপির নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরেও পদযাত্রা ও পথসভা করেন।