যুক্তরাষ্ট্রে জুলাই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে ওয়াল স্ট্রিটের ফিউচার সূচকগুলো বুধবার সকালে উল্লেখযোগ্য উত্থান দেখিয়েছে। এই তথ্য প্রকাশের মাধ্যমে ভবিষ্যতে দামের গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বুধবার এসঅ্যান্ডপি ৫০০-এর ফিউচার ০.৩ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচার ০.১ শতাংশ বেড়েছে। একই সময়ে নাসডাকের ফিউচার ০.৭ শতাংশ বেড়েছে।

ক্রমবর্ধমান ব্যয়ের দিকে নজর রাখছে মার্কিন ফেডারেল রিজার্ভ। পাশাপাশি কঠোর মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হওয়া রিপাবলিকান পার্টি এবং মুদিখানা থেকে শুরু করে পেট্রল পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে নিষ্পেষিত লক্ষ লক্ষ মার্কিন নাগরিকও এই তথ্যের দিকে তাকিয়ে। অর্থনীতিবিদদের ধারণা, নতুন তথ্যে দেখা যাবে জুলাইয়ে মূল্যস্ফীতি জুনের ৩.৫ শতাংশ থেকে কমে ৩.৪ শতাংশে নেমে এসেছে। মূল্যস্ফীতি যদি প্রশমিত হয়, তবে সুদের হার বাড়ানোর ওপর থেকে ফেডের চাপ কমতে পারে। মনে রাখতে হবে, উচ্চ সুদের হার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখলেও এটি ঋণগ্রহীতাদের জন্য ব্যয় বাড়িয়ে দিয়ে সামগ্রিক মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। উচ্চ সুদের হার স্টকসহ অন্যান্য বিনিয়োগের দামও কমিয়ে দেয়।

উল্লেখযোগ্য কর্পোরেট ফলাফলের মধ্যে ক্লাউড কম্পিউটিং কোম্পানি কোরওয়েভের শেয়ার বাজার খোলার আগেই ১৮ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে, সুপার মাইক্রো কম্পিউটারের স্টক প্রায় ৯ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে গ্রাহকের চাহিদা বাড়ায় কোরওয়েভের রাজস্ব দ্বিগুণেরও বেশি হয়েছে। এই শক্তিশালী আয়ের ফলাফল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের অবকাঠামো নির্মাণে যুক্ত অন্যান্য কোম্পানি, যেমন—কোহেরেন্ট কর্প, লুমেনটাম হোল্ডিংস এবং মার্ভেল টেকনোলজির শেয়ারেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

বুধবার অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহজুড়ে তা তীব্রভাবে বেড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে যায়, ইরানে চলমান সংঘাতের কারণে তা কার্যত বন্ধ রয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক মানের ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.১৯ শতাংশ বেড়ে ৮৯.০৮ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ০.৪ শতাংশ বেড়ে ৮৩.৫৩ ডলারে পৌঁছেছে। মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও রাতারাতি ২ সেন্ট বেড়ে গ্যালনপ্রতি জাতীয় গড় ৪.০৪ ডলারে পৌঁছেছে, যা গত মাসের এই সময়ের তুলনায় ১৬ সেন্ট বেশি।

ইরান বলেছে, প্রণালি খুলে দেওয়ার আগে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ দাবি করবে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘাতের জন্য তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবেন। এদিকে, ইয়েমেনের দক্ষিণ প্রান্তে বাব এল-মান্দেব প্রণালিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একটি জাহাজে হামলার ঘটনা উদ্বেগ তৈরি করেছে যে সহিংসতা গৃহযুদ্ধকে পুনরুজ্জীবিত করতে পারে এবং আঞ্চলিক শিপিং রুটকে আরও হুমকির মুখে ফেলতে পারে। অক্সফোর্ড ইকোনমিক্সের গ্লোবাল ম্যাক্রো রিসার্চের পরিচালক বেন মে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে শত্রুতা শুরু হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে দীর্ঘমেয়াদে জাহাজ চলাচল হ্রাস পাওয়াই এখন সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উচ্চ তেলের দাম এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বেড়ে গেছে। ফলে দীর্ঘমেয়াদী বন্ধকী হারে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপের শুরুর দিকের লেনদেনে জার্মানির ডিএএক্স ০.৪৭ শতাংশ বেড়ে ২৬,৫১৪.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, অন্যদিকে প্যারিসের সিএসি ৪০ সূচক ০.১২ শতাংশ কমে ৮,৭০৫.০৮ পয়েন্টে রয়েছে। এশিয়ার বাজার মিশ্র ছিল। মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দর সামান্য কমে ১৫৯.১৬-এ নেমেছে, যা আগের দিন ১৫৯.২২ ছিল। ইউরোর দাম সামান্য কমে ১.১৫৩৭ ডলারে দাঁড়িয়েছে।