প্রাণীদের মধ্যে কে সবচেয়ে পরিচ্ছন্ন — এই প্রশ্নের উত্তর নির্ভর করে পরিচ্ছন্নতার সংজ্ঞার ওপর। প্রকৃতিতে পরিচ্ছন্ন থাকা মানে শরীরকে চকচকে রাখা নয়, বরং বিশেষ কিছু অভ্যাসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা। এই অভ্যাসগুলো প্রাণীদের শরীর থেকে ক্ষতিকর পোকা ও পরজীবী দূর করতে, রোগ প্রতিরোধ করতে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এমনকি নিজেদের থাকার জায়গা পরিষ্কার রাখতেও এই অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনজঙ্গলে টিকে থাকার জন্য অনেক প্রাণীই এমন স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলে।

পরিচ্ছন্ন প্রাণীদের তালিকায় প্রথমেই আছে বিড়াল। জেগে থাকা অবস্থায় তারা প্রায় অর্ধেক সময় নিজের শরীর পরিষ্কার করেই কাটায়। তাদের জিভে থাকা ছোট ছোট কাঁটার মতো অংশ দিয়ে তারা লোমের ময়লা, আলগা চুল ও পোকা দূর করে। শরীর চাটার ফলে লোমে প্রাকৃতিক তেল ছড়িয়ে পড়ে, যা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে। পাশাপাশি বর্জ্য ত্যাগের পর তারা তা মাটি দিয়ে ঢেকে দেয়, যাতে অন্য প্রাণী তাদের গন্ধ না পায়। এই পরিচ্ছন্নতার কারণেই বিড়াল পোষা প্রাণী হিসেবে অত্যন্ত জনপ্রিয়।

বরফের দেশে টিকে থাকার জন্য মেরু ভালুককে তার ঘন লোম পরিষ্কার রাখতে হয়। এই ঘন লোম বাতাস আটকে রেখে শরীর উষ্ণ রাখে। খাবার শেষে তারা প্রায় ১৫ মিনিট ধরে হাত, বুক ও মুখ চেটে পরিষ্কার করে। লোম ধোয়া ও শুকানোর জন্য তারা বরফ বা পানি ব্যবহার করে। লোম পরিষ্কার থাকলে তীব্র ঠান্ডাতেও তারা শরীরের তাপ ধরে রাখতে পারে।

পিঁপড়াদের বাসা অত্যন্ত সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। তারা বাসা ও খাবারের জায়গা থেকে দূরে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা রাখে, ফলে বাসায় রোগব্যাধি ছড়ায় না। শ্রমিক পিঁপড়ারা মুখ দিয়ে নিজেদের এবং একে অপরকে পরিষ্কার করে, যা শরীর থেকে ময়লা ও পোকা দূর করতে সাহায্য করে। হাজার হাজার বা লাখ লাখ পিঁপড়া একসঙ্গে থাকলেও এই নিয়ম মেনে চলার কারণে পুরো দল সুস্থ থাকে।

পাখিরাও পরিচ্ছন্নতা বজায় রাখে। বিশেষ করে গায়ক পাখিরা পালক পরিষ্কার রাখতে অনেক সময় ব্যয় করে, যাতে পালকের ময়লা, ক্ষতিকর পোকা ও নষ্ট পালক দূর হয়। বাসা পরিষ্কার রাখাও তাদের জন্য জরুরি। বাবা-মা পাখি নিয়মিত বাসা থেকে খাবারের অংশ, বর্জ্য ও পুরোনো ডিমের খোসা ফেলে দেয়, যা ছানাদের সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে।

ডলফিনদের শরীর পরিষ্কার করার জন্য থাবা বা জিহ্বা নেই, তবে তাদের নিজস্ব একটি কার্যকর পদ্ধতি রয়েছে। তাদের ত্বকের পুরোনো কোষগুলো দ্রুত উঠে যায় এবং নতুন ত্বক তৈরি হয়। কিছু ডলফিন নির্দিষ্ট প্রবালের সঙ্গে গা ঘষে, যা গবেষকদের মতে, ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। অন্যদিকে, শিম্পাঞ্জি বানরের মতো সামাজিক প্রাইমেটরা দিনের একটি সময় একে অপরকে পরিষ্কার করে। এতে শরীর থেকে পোকা, ময়লা ও আলগা চুল দূর হওয়ার পাশাপাশি দলের সদস্যদের মধ্যে সম্পর্ক ও বিশ্বাস মজবুত হয় এবং মানসিক চাপ কমে।

প্রাণীদের পরিচ্ছন্ন থাকা টিকে থাকার জন্য অপরিহার্য। মানুষ সাবান-পানি দিয়ে পরিচ্ছন্নতা বোঝালেও প্রাণীদের ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। তারা শরীর থেকে ক্ষতিকর পোকা ও ময়লা দূর করতে, রোগ প্রতিরোধ করতে, শরীরের তাপমাত্রা ঠিক রাখতে এবং বাসা পরিষ্কার রাখতে নিজেদের যত্ন নেয়। এমনকি শিকারি প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য শরীরের দুর্গন্ধ কমানোও পরিচ্ছন্নতার একটি অংশ। বিড়ালের শরীর চাটা, পিঁপড়ার আলাদা জায়গায় ময়লা ফেলা কিংবা পাখির নষ্ট পালক ছিঁড়ে ফেলা — প্রকৃতিতে প্রতিটি প্রাণীই নিজ নিজ পরিবেশের সঙ্গে মানিয়ে রোগমুক্ত থাকার কৌশল তৈরি করেছে।