ইতালির একটি জাদুঘর থেকে চলতি বছরের শুরুর দিকে চুরি হয়ে যাওয়া তিনটি বিখ্যাত চিত্রকর্ম উদ্ধার করেছে পুলিশ। উত্তর ইতালির পারমা শহরের কাছাকাছি অবস্থিত ম্যাগনানি রোকা জাদুঘর থেকে গত ২২ মার্চ রাতে এই চিত্রকর্মগুলো চুরি হয়েছিল। কর্তৃপক্ষের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই জন মুখোশধারী দুষ্কৃতী জাদুঘরে প্রবেশ করে চিত্রকর্মগুলো নিয়ে যায়।
চুরি যাওয়া চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে পল সেজান, পিয়ের-অগাস্ট রেনোয়ার এবং অঁরি মাতিসের সৃষ্টিকর্ম। ধারণা করা হচ্ছে, এই তিনটি চিত্রকর্মের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো (প্রায় ৭.৮ মিলিয়ন পাউন্ড), যা সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে সংঘটিত সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পকর্ম চুরির একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তল্লাশি অভিযানের মাধ্যমে সেজান, রেনোয়ার ও মাতিসের ওই চিত্রকর্মগুলো উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযানের বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, জাদুঘর কর্তৃপক্ষ চুরির ঘটনার পরপরই পুলিশে অভিযোগ দায়ের করেছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চোরেরা রাতের অন্ধকারে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশ করে এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে দামি এ শিল্পকর্মগুলো হাতিয়ে নেয়। তবে কোন কৌশলে তারা জাদুঘরে প্রবেশ করেছিল এবং কীভাবে এত বড় অঙ্কের শিল্পকর্ম বহন করে বের হয়ে গিয়েছিল, তা এখনও রহস্য হয়ে আছে। এই উদ্ধারের ঘটনায় শিল্পমহলে স্বস্তির পাশাপাশি জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।




