খুলনা নগরের রায়েরমহল এলাকায় ছেলেধরা সন্দেহে রাজু শিকদার (২৬) নামে এক তরুণকে বেদম পিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয় কিছু মানুষ তাকে আটক করে মারধর শুরু করলে ধীরে ধীরে আরও অনেকে জড়ো হয়ে তাকে নির্মমভাবে প্রহার করে। পরে পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয় রাজুর।

রাজুর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই দৃশ্য দেখে আশপাশের লোকজনের মনে সন্দেহ জন্মে। শিশুটির সঙ্গে রাজুর কোনো সম্পর্ক আছে কি না, তা না জিজ্ঞেস করেই কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে ছেলেধরা সন্দেহে মারধর করা শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে আরও লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় এবং সবাই মিলে তাকে পিটুনি দেয়।

ঘটনার পর স্থানীয় অনেকেই এলাকা ছেড়ে চলে যান। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির জানান, রাজুর সঙ্গে থাকা শিশুটি তার পরিচিত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। যারা মারধরের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।