ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ক্লার্ক অব কোর্টস মাইকেল অ্যালেন কারুসোকে শিশু অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর মঙ্গলবার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাবেক এই আইনপ্রণেতা ছিলেন গভর্নর রন ডিস্যান্টিসের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র।

মিয়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে পাম বিচ কাউন্টি কারাগারে কারুসোকে (৬৭) হাজত করা হয়। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন, অপহরণ, শিশুকে প্রলুব্ধ ও প্ররোচিত করা, অশালীন ও কামুক প্রদর্শন এবং শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যমটি নাম প্রকাশ না করার শর্তে সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গত বছর একাধিকবার ৫ বছরের কম বয়সী একটি ছেলেকে যৌন নির্যাতন করেছেন কারুসো।

ঘটনার পর শিশুটির বাড়িতে অস্বাভাবিক আচরণ দেখা দিলে পরিবারের সদস্যরা তার কাছে প্রশ্ন করা শুরু করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অভিযোগ দায়ের করেন।

মিয়ামি হেরাল্ড আরও জানিয়েছে, অতীতেও শিশু যৌন নির্যাতনের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন কারুসো, যা তিনি অস্বীকার করেছিলেন। তার প্রথম স্ত্রী — যিনি তার সাত সন্তানের মা — তিনিও এমন অভিযোগ তুলেছিলেন। এছাড়া ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজের কাছে তার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন দাখিল হয়েছে।

গত অগস্টে কারুসোকে পাম বিচ কাউন্টির ক্লার্ক পদে নিয়োগ দিয়েছিলেন ডিস্যান্টিস। মঙ্গলবার তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই তাকে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

কারুসোর পক্ষে কোনো আইনজীবী নিয়োগের তথ্য পাওয়া যায়নি এবং অভিযোগ সম্পর্কে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

দক্ষিণ ফ্লোরিডার রাজনীতিতে রিপাবলিকানদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন কারুসো। ২০১৮ থেকে ২০২৫ সালের অগস্টে পদত্যাগের আগ পর্যন্ত ফ্লোরিডা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দায়িত্ব পালন করেছেন তিনি। এই সময়ে অভিভাবকদের শিক্ষাগত অধিকার সংক্রান্ত বিল এবং গর্ভপাত সীমিত করা আইনের মতো বিতর্কিত রক্ষণশীল নীতির পক্ষে তিনি প্রায়শই দলীয় লাইনে ভোট দিয়েছেন।

হাউসের রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে ডিস্যান্টিসের বিরোধের সময় কারুসো তার পাশে ছিলেন। এমনকি গভর্নরের এজেন্ডার সঙ্গে সাংঘর্ষিক একটি অভিবাসন আইন প্রয়োগ প্যাকেজের বিরুদ্ধে একমাত্র রিপাবলিকান ভোটটিও তিনি দিয়েছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রাইমারিতে ডিস্যান্টিসের প্রচারণায় তিনি সক্রিয়ভাবে সমর্থন দেন, শীতের মধ্যে আইওয়ায় গিয়ে ককাসের আগে গভর্নরের পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করেন। গত গ্রীষ্মে ডিস্যান্টিস তাকে সার্কিট কোর্টের ক্লার্ক ও কম্পট্রোলার পদে নিয়োগ দিয়ে এই আনুগত্যের পুরস্কার দেন।

২০১৮ সালে ফ্লোরিডার ৮৯তম হাউস ডিস্ট্রিক্টে কারুসো প্রথম নির্বাচনে জিতেছিলেন মাত্র ৩২ ভোটের ব্যবধানে। ৫০.০২% বনাম ৪৯.৯৮% এর এই অত্যন্ত ক্ষীণ ব্যবধান আইন অনুযায়ী ৭৮ হাজার ভোটের রাজ্যব্যাপী মেশিন ও ম্যানুয়াল পুনর্গণনা বাধ্যতামূলক করে, তারপর তিনি বিজয়ী হিসেবে প্রত্যয়িত হন।