রাজধানীর শাহবাগ থানার অন্তর্গত দুটি ভিন্ন ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালের দিকে আনন্দবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সংলগ্ন সড়কের ফুটপাতে লাশ দুটি দেখা যায়। স্থানীয় পথচারীরা প্রথমে ব্যক্তিদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। সকাল ১১টার দিকে এগুলি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এখনও মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, একজনের বয়স প্রায় ৫৫ বছর এবং অপরজনের বয়স ৬০ বছর হতে পারে। এসআই আল মামুন জানান, মৃত ব্যক্তিদের পরিচয় জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।