রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে টানা বৃষ্টির মধ্যে একটি কৃষ্ণচূড়াগাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার সকাল আটটার দিকে মিরপুর রুটে চলাচলকারী বাসটি কর্মকর্তা-কর্মচারীদের নামিয়ে শহীদ মিনারের সামনে রাখা হয়। বাসের পাশে থাকা পুরোনো কৃষ্ণচূড়াগাছটি টানা বৃষ্টির কারণে শিকড় নরম হয়ে উপড়ে পড়ে বলে জানান তারেক বিন আতিক। তিনি আরও বলেন, ঘটনার সময় বাসটিতে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে গাছের আঘাতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ করেই গাছটি উপড়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, দ্রুত বাসটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ কেটে সরানোর কাজ শুরু করে। বাসটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে পাঠানো হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আলী উল আজিম ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। গতকাল শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয় এবং আজ ভোর থেকে তা মুষলধারে রূপ নেয়। এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে।