গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হওয়া টানা বর্ষণে নগরের একাধিক এলাকা পানিতে তলিয়ে যায়। বিশেষ করে সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ দেড় থেকে দুই ফুট পানিতে ডুবে যায়। এতে ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী স্থানে পানি জমে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তার জেরে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি জানালিহাট স্টেশনে আটকা পড়ে। পাঁচ দিন পর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পানি সরে গেলে ট্রেনটি জানালিহাট থেকে চট্টগ্রাম স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নেমে গেলেও শমসেরপাড়া এলাকায় শনিবার সন্ধ্যা পর্যন্ত পানি জমে ছিল। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথে পানি ওঠার কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এই রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে, যার মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া ট্রেন রয়েছে। প্রতিদিন এই পথে প্রায় আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন।