রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুইটি ঘটনায় দুর্বৃত্তদের হামলায় দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা দুটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন একটি পিতলের কারখানার শ্রমিক বিল্লাল হোসেন (৩৭) এবং কাঁচামাল বিক্রেতা রুবেল হোসেন (৪০)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিল্লালের বড় ভাই ফেরদৌস জানান, বিল্লাল যাত্রাবাড়ীর একটি পিতলের কারখানায় কাজ করেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে মাসিক বেতন নিয়ে কর্মস্থল থেকে উত্তর যাত্রাবাড়ী এলাকার বাসায় ফেরার পথে ধলপুর কলার আড়তের সামনে তিন থেকে চারজন যুবক তার পথ আটকায়। তারা বিল্লালের বাঁ পায়ে ছুরিকাঘাত করে এবং তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

অন্যদিকে, রাত সোয়া সাতটার দিকে যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তের সামনে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত কাঁচামাল বিক্রেতা রুবেল হোসেনকে মারধর করে পালিয়ে যায়। রুবেল ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন এবং যাত্রাবাড়ীর কাঁচামালের আড়তে ব্যবসা করেন। তার ভাগনে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।