পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসার জন্য তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ইমরানের পরিবার ও তার দল তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল। কারাগারে থাকাকালীন তার ডান চোখের দৃষ্টিশক্তি বহুলাংশে কমে গেছে বলেও জানানো হয়েছে।
২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় উপহার গ্রহণে অনিয়ম ও বেআইনিভাবে বিয়ে করার অভিযোগ রয়েছে। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি এবং তার দল। কিছু মামলায় আদালতের দেওয়া সাজা স্থগিত বা বাতিল হলেও কয়েকটি মামলা এখনো বিচারাধীন।
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সুপ্রিম কোর্টের এই আদেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আদেশটি খুবই স্বস্তিদায়ক, তবে এটি আরও আগে এলে ইমরানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে ইমরানের মুখপাত্র নাইম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আদালতের এই নির্দেশের ফলে ইমরানের চিকিৎসা এখন সম্ভব হবে।
২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ইমরানের দল পিটিআই পাকিস্তানে সরকার গঠন করেছিল। দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশে দলটির বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক বাতিল করে দেওয়া হয়, ফলে দলটির প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা ইমরানের সঙ্গে কারাগারে ভালো আচরণের দাবি জানিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিলেন। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।




