রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের চার শীর্ষ নেতা সংগঠনের সদস্যসচিব জিসান আহম্মেদের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ আইডি থেকে এই ঘোষণা দেওয়া হয়। পদত্যাগকারী নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা, নকিবুল আবছার এবং সদস্য মিনহাজ উদ্দিন।
তাদের অভিযোগ, শাখা সদস্যসচিব জিসান আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জিসান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং পদত্যাগকারী নেতারা দলে নিষ্ক্রিয় ছিলেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে নকিবুল আবছার জানান, সদস্যসচিবের সঙ্গে ওই কর্মকর্তার অনৈতিক আর্থিক আদান-প্রদানের ঘটনা তিনি নৈতিকভাবে মেনে নিতে পারেননি। এছাড়া কোনো নোটিশ ছাড়াই বারবার দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলকে বিষয়টি জানালেও কোনো সাড়া মেলেনি বলেও তিনি উল্লেখ করেন।
যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস জানান, আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমেই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো জমা দেওয়া হয়নি। আগামী এক-দুই দিনের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, কমিটির তিন যুগ্ম আহ্বায়ক ও একজন সদস্য ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। উল্লেখ্য, চলতি বছরের ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের অনুমোদনে ৪১ সদস্যের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠিত হয়েছিল।
অভিযোগ প্রসঙ্গে সদস্যসচিব জিসান আহম্মেদের বক্তব্য, পদত্যাগকারী চার নেতা দলে নিষ্ক্রিয়। তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন না এবং অসহযোগিতা করেন। ইতিমধ্যে তাদের মধ্যে দুজনকে গত মঙ্গলবার নোটিশ দেওয়া হয়েছিল, যার জবাব তারা দেননি। জবাব না দিয়ে ফেসবুকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে।




