বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজের জন্য গত গ্রীষ্মকালটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা অবস্থায় হঠাৎ চোটে পড়েন তিনি। এর ফলে বিশ্বকাপজয়ী স্পেন দলে তাঁর জায়গা হয়নি। যে মঞ্চে তাঁর থাকার কথা ছিল, সেই মঞ্চের আনন্দ তাঁকে দেখতে হয়েছে দূর থেকে। ইংল্যান্ডে বার্সেলোনার প্রাক-মৌসুম ক্যাম্পে কাতালুনিয়া রেডিওর ‘টট কস্টা’ অনুষ্ঠানে এই কঠিন সময় নিয়ে কথা বলেন ফেরমিন। তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বাজে গ্রীষ্ম ছিল। আমি আমার সেরা ফর্মে ছিলাম, সবকিছু ঠিকঠাক চলছিল, তখনই চোটে পড়লাম। এই পরিস্থিতি অনেক কিছু শেখায়, কিন্তু গ্রীষ্মটা খুব কষ্টে কেটেছে।’ বিশ্বকাপ শুরু হলেও টেলিভিশনের সামনে বসার মানসিক শক্তি ছিল না তাঁর। প্রথম কয়েকটি ম্যাচ তিনি দেখতেই পারেননি। তিনি বলেন, ‘স্পেনের প্রথম কয়েকটা ম্যাচ আমি দেখতেই পারিনি। মনকে বোঝাতে পারছিলাম না। আমিও তো ওখানে থাকতে চেয়েছিলাম!’ তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মনের ভার কমতে থাকে ফেরমিনের। একপর্যায়ে তিনি খেলা দেখা শুরু করেন এবং শেষ পর্যন্ত নিউ জার্সি-নিউইয়র্ক স্টেডিয়ামের গ্যালারিতে বসে স্পেন–আর্জেন্টিনা ফাইনাল দেখেন। তাঁর ভাষায়, ‘আমার সতীর্থরা যে খেলতে পারছে, সেটা দেখে ভালো লাগছিল। শেষ দিকে ভালো লাগায় ফাইনাল দেখতে চলে যাই।’ এত বড় মানসিক ধাক্কা একা সামলানো কঠিন ছিল। ফেরমিন একজন মানসিক বিশেষজ্ঞের সাহায্য নিয়েছেন। পরিবার, সঙ্গী ও বন্ধুদের সমর্থনও তিনি পেয়েছেন। তাঁদের জন্যই তিনি এই সময়টা পার করতে পেরেছেন বলে জানান ফেরমিন।