দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হবে।

পরীক্ষার্থীরা কীভাবে ফলাফল দেখতে পারবেন তা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীরা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC অথবা Dakhil নির্বাচন করে বছর, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে উল্লেখ করে সিকিউরিটি ক্যাপচা পূরণের পর Submit বাটনে ক্লিক করলে ফলাফল দেখতে পাবেন।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 অথবা 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, SSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথমে প্রিরেজিস্ট্রেশন করতে হবে, যার পদ্ধতি হলো Dakhil লেখার পর বোর্ড, রোল ও বছর উল্লেখ করা। কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও একই পদ্ধতিতে 16222 নম্বরে SSC TEC 123456 2026 টাইপ করে পাঠিয়ে ফলাফল পেতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট সংগ্রহের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিলে সেই প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল প্রদান করা হবে না বলে জানানো হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। চলতি বছরের তত্ত্বীয় পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।