রাজধানীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত এক দিনে ৪০৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়সীমায় মামলা দায়ের করা হয়েছে ৫০টি। মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে—রমনা থেকে ৩৫, লালবাগ থেকে ৩৬, ওয়ারী থেকে ৩১, মতিঝিল থেকে ৪৫, তেজগাঁও থেকে ৫৯, মিরপুর থেকে ১২০, গুলশান থেকে ৩২, উত্তরায় ৪৩ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জন। অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০টি ইয়াবা, পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেমের ১৫টি টুকরা, একটি চাকু, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মুঠোফোন, একটি মোটরসাইকেল ও ৮ হাজার ৩৫০ টাকা। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশি অস্ত্রসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।