হাঙ্গেরির বুদাপেস্টের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নিরেগহাজাকে সংযোগকারী এম৩ মহাসড়কে স্থানীয় সময় রোববার ভোর ১টার দিকে (বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা) একটি পোলিশ পর্যটকবাহী বাস রাস্তা ছেড়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। বাসটি উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী দল।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালক চাকায় ঘুমিয়ে পড়ায় এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে অগ্নিনির্বাপক কর্মীরা উদ্ধার করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর ২৪ টন ওজনের বাসটির পেছনের অংশ উঁচিয়ে নিচে চাপা পড়ে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে ক্রেন এসে পুরো বাসটি তুললে বাকিদের উদ্ধার কাজ সম্পন্ন হয় বলে সংবাদ সংস্থা এমটিআই জানিয়েছে। হাঙ্গেরির অ্যাম্বুলেন্স সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক, নয়জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ৩৭ জনের সামান্য চোট লেগেছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগয়ার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। কর্তৃপক্ষ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে।




