ভারত সম্পর্কে বিভিন্ন দেশের মানুষের ধারণা নিয়ে নতুন এক জরিপের ফলাফল প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ৩৬টি দেশের প্রাপ্তবয়স্ক মানুষের ওপর চালানো এই জরিপে দেখা গেছে, গড়ে ৪৫ শতাংশ মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে, অন্যদিকে ৪১ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা প্রকট। ইউরোপ ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশেও এই প্রবণতা লক্ষণীয়। তবে আফ্রিকার দেশগুলোতে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাবই বেশি দেখা গেছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত সম্পর্কে ধারণা মিশ্র। শ্রীলঙ্কার সিংহভাগ মানুষের ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও পাকিস্তানের চিত্র সম্পূর্ণ বিপরীত।
জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৫১ শতাংশ মানুষের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন মাত্র ৪২ শতাংশ মানুষ। পিউ রিসার্চ জানিয়েছে, এর আগে ২০২৪ সালে বাংলাদেশে জরিপ চালানো হলে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির হার ছিল ৫৭ শতাংশ। সেই তুলনায় এবার তা ১৫ শতাংশ পয়েন্ট কমে ৪২ শতাংশে নেমে এসেছে। উল্লেখ্য, ওই সময় জরিপে অংশ নেওয়া ২৪ শতাংশ মানুষ মতামত দিতে চাননি, এবার সেই হার ৭ শতাংশে নেমে এসেছে।
মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা গেছে, যেখানে ৬০ শতাংশ মানুষ ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ২৯ শতাংশের মনোভাব নেতিবাচক। তবে অধিকৃত পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে এই হার মাত্র ১৮ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ভারত সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা রয়েছে — জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক, আর নেতিবাচক ২৪ শতাংশ। জার্মানির ৬৩ শতাংশ, ইতালির ৫৬ শতাংশ, সুইডেনের ৫৫ শতাংশ, ফ্রান্সের ৫০ শতাংশ, নেদারল্যান্ডসের ৪৯ শতাংশ, হাঙ্গেরির ৪০ শতাংশ, গ্রিসের ৩৯ শতাংশ, পোল্যান্ড ও স্পেনের ৩৭ শতাংশ মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা আছে।
উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ মানুষের ভারত সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, অন্যদিকে ৪৫ শতাংশের মনোভাব ইতিবাচক। কানাডায় ৫১ শতাংশ মানুষের ধারণা ইতিবাচক আর ৪০ শতাংশের নেতিবাচক। পিউ রিসার্চের মতে, মার্কিন নাগরিকদের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক ধারণা ২০০৮ সালের পর সবচেয়ে নিচু পর্যায়ে পৌঁছেছে। বিশেষত ২০২৩ সালের পর থেকে এই হার দ্রুত হ্রাস পাচ্ছে। ওই বছর ৫১ শতাংশ মার্কিন নাগরিক ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট-সমর্থক স্বতন্ত্রদের মধ্যে রিপাবলিকানদের তুলনায় ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা থাকার সম্ভাবনা বেশি। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকদের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব বেশি, যেখানে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৪২ শতাংশ।
তুরস্কে ভারত সম্পর্কে সবচেয়ে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে — জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ মানুষের ভারতের প্রতি নেতিবাচক ধারণা রয়েছে, ইতিবাচক মাত্র ১৫ শতাংশ। দক্ষিণ আফ্রিকার ৩৮ শতাংশ মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা থাকলেও ৪৬ শতাংশের মনোভাব নেতিবাচক। অন্যদিকে কেনিয়ার ৭১ শতাংশ, ঘানার ৫০ শতাংশ এবং নাইজেরিয়ার ৪৭ শতাংশ মানুষের ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের ৩৭ শতাংশ, কলম্বিয়ার ৩৬ শতাংশ, মেক্সিকোর ৩০ শতাংশ, পেরুর ২৯ শতাংশ, চিলির ২৫ শতাংশ ও আর্জেন্টিনার ২৪ শতাংশ মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা পাওয়া গেছে।
এশিয়া-ওশেনিয়া অঞ্চলে জাপান ও থাইল্যান্ডের ৫৫ শতাংশ মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সিঙ্গাপুরে এই হার ৫১ শতাংশ। ইন্দোনেশিয়ার ৫০ শতাংশ, ফিলিপাইনের ৪৯ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ৪৪ শতাংশ, অস্ট্রেলিয়ার ৪৪ শতাংশ এবং মালয়েশিয়ার ৪১ শতাংশ মানুষের ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানে ভারত সম্পর্কে সবচেয়ে নেতিবাচক ধারণা — মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন, আর ৯১ শতাংশের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। অন্যদিকে শ্রীলঙ্কায় ৭৯ শতাংশ মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা, নেতিবাচক মাত্র ১১ শতাংশ। ২০২৪ সালে শ্রীলঙ্কায় এই ইতিবাচক হার ছিল ৬৫ শতাংশ।
রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামতে ভিন্নতা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় বামপন্থীদের মধ্যে ভারতের প্রতি বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ উদারপন্থী ও ৪০ শতাংশ রক্ষণশীল মানুষের ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা রয়েছে। কানাডায় ৫৮ শতাংশ বামপন্থী ও ৪৫ শতাংশ ডানপন্থীর মনোভাব ইতিবাচক। তবে ইসরায়েলে চিত্র সম্পূর্ণ ভিন্ন — সেখানে ডানপন্থীদের ৬৮ শতাংশ ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন, যেখানে বামপন্থীদের মধ্যে এই হার ৪৬ শতাংশ।
বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতের প্রভাব সম্পর্কে জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের অর্ধেকেরও বেশি (৫৪ শতাংশ) মনে করেন, সাম্প্রতিক বছরগুলোয় ভারতের প্রভাব আগের মতোই রয়েছে। ৩০ শতাংশ মনে করেন ভারতের বৈশ্বিক প্রভাব জোরদার হয়েছে, আর ১৩ শতাংশের মতে তা দুর্বল হয়ে পড়ছে।




